কলকাতা: ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি মত আরজি কর কাণ্ডের ফাইল খুলেছে নতুন রাজ্য সরকার। গত ১৫ মে আরজি করের ফাইল খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজি কর ইস্যুতে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় ও তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। সোমবার ফের এক কড়া পদক্ষেপ করা হল এই মামলায়। এদিন রাতে সমাজমাধ্যম পোস্টে মুখ্যমন্ত্রী নিজেই লিখলেন সেই পদক্ষেপের কথা।
তিনি সমাজমাধ্যম পোস্টে জানান, 'আজ আমি মুখ্যমন্ত্রী হিসেবে একটি মহতী ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। গত ৯ই অগস্ট ২০২৪ সালে আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বোন অভয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন আর.জি. কর-এর সুপার কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডিকে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হল (Sanction of Prosecution has been accorded)।'
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, 'বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল। কিন্তু আমরা বিশ্বাস করি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। আমি চাই, বোন অভয়ার প্রকৃত দোষীরা দ্রুত চিহ্নিত হোক, কঠোরতম শাস্তি পাক এবং বাংলার মানুষ ন্যায়বিচার প্রত্যক্ষ করুক। বোন অভয়ার আত্মার চিরশান্তি কামনা করি।'
আর জি-করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা চলাকালীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ছিলেন সন্দীপ ঘোষ। তাঁকে আরজি করে দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। তাঁর বিরুদ্ধেই এবার আরও জোরালো আইনি পদ্ধতি প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


No comments:
Post a Comment