কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকেই অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এবারে কলকাতা পুরসভার তরফে নোটিস ডায়মন্ড হারবারের সাংসদকে। কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডে অবস্থিত অভিষেকের বাড়ি নিয়ে এই নোটিস। এই জোড়া বাড়ি কী যাবতীয় বিধি মেনে তৈরি হয়েছে? কোনও বাড়তি নির্মাণ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি অনুমতি নেওয়া হয়েছিল? জানতে চাওয়া হয়েছে।
পুরসভা সূত্রে খবর, কলকাতা পুরসভার সুনির্দিষ্ট ৪০১ নম্বর ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নোটিস পাঠানো হয়েছে। পুর কর্তৃপক্ষের নির্দেশ, অবিলম্বে তাঁর কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের ওই দুটি বাড়ির অনুমোদিত 'বিল্ডিং প্ল্যান' পুরভবনে জমা দিতে হবে।
পুরসভা সূত্রে খবর গত ৩ দিন ধরে অ্যাসেসমেন্টের কাজ চলছিল। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বাড়ি রয়েছে। কালীঘাট রোড অভিষেকের যে বাড়ি রয়েছে পুরসভা সূত্রে খবর তা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে সম্পত্তি। ৩ দিন ধরে এই দুই বাড়ির ক্ষেত্রেই অ্যাসেসমেন্টের কাজ চলছিল। পুরসভার ৪০১ ধারায় এই ২ বাড়ির জন্য নোটিস পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
উল্লেখ্য, সম্প্রতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান রাজীব সরকার। নির্বাচন চলাকালীন একাধিক জায়গায় উস্কানিমূলক বক্তব্য দেওয়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়া, অভিষেকের বক্তব্যের এমন একাধিক লিঙ্ক তুলে ধরে মোট ৭ পৃষ্ঠার অভিযোগ জানান তিনি। সেই অভিযোগের ভিত্তিতে, ৫টি ধারায় এফআইআর দায়ের হয়েছে।
সোমবার সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান তিনি। আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি এই মামলাটি গ্রহণ করেছেন এবং আগামী ২১ মে, বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেদিন হাইকোর্টে এই স্বস্তির আবেদন জানালেন অভিষেক, ঠিক সেই দিনেই পুরসভার এই নোটিস যেন সাঁড়াশি চাপ তৈরি করল।
শুধু কি তাই! এসবের মাঝেই আগুনে ঘি ঢালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ক্যামাক স্ট্রিটে আয়োজিত একটি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সরাসরি অভিষেকের আর্থিক সাম্রাজ্যকে নিশানা করেন তিনি। প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তোপ দাগেন, দাবী করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে-বেনামে অন্তত ২৪টি বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। এইসব নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। এখন এই জল কতদূর গড়ায়, সেটাই দেখার।

No comments:
Post a Comment