কলকাতা: ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে সোমবার রাতে ইডির হাতে গ্রেফতার হলেন সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। প্রায় সাড়ে তিন মাস গা ঢাকা দিয়ে থাকার পর এদিন সকালেই ইডি দফতরে হাজিরা দেয় সোনা পাপ্পু। দীর্ঘ প্রায় ন'ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের শেষমেষ তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা।
জমি কেলেঙ্কারি, আর্থিক প্রতারণা ও তোলাবাজির অভিযোগ ছিল সোনা পাপ্পুর বিরুদ্ধে। ভোটের আগে থেকেই শিরোনামে ছিলেন তিনি। আগে তাকে একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে বারবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এমনকি ফেসবুক লাইভে এলেও হাজিরা দেয়নি। এরপর ভোট পেরোতেই সোমবার সকালে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেয় সোনা পাপ্পু। এমনকি সিজিওতে আসার পরেও এদিন সংবাদমাধ্যমের সামনে সোনা পাপ্পু দাবী করেছিলেন, তিনি এতদিন বাড়িতেই ছিলেন। তাঁর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, তা সবই মিথ্যা এবং ভিত্তিহীন। জমি প্রতারণা আর তোলাবাজির মতো ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তদন্তে সহযোগীতা করার জন্যই তিনি এসেছেন, বলে জানান।
উল্লেখ্য, গত এপ্রিলে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। এছাড়াও দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সোনা পাপ্পুর নামে বেশ কয়েকটি এফআইআর দায়ের রয়েছে দক্ষিণ কলকাতার বিভিন্ন থানায়। দুর্নীতি, তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিল সে। এছাড়াও একাধিক তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ওঠাবসা বলেই স্থানীয় সূত্রে খবর।
এদিকে জিজ্ঞাসাবাদের পরে রাতেই গ্রেফতার করা হল সোনা পাপ্পুকে। ইডির অভিযোগ, তিনি তদন্তে সহযোগিতা করছিলেন না। জানা গিয়েছে, মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে।

No comments:
Post a Comment