শপথ নিয়েই ঠাকুরবাড়িতে শুভেন্দু, বাংলার নবনির্মাণের বার্তা নতুন মুখ্যমন্ত্রীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 9, 2026

শপথ নিয়েই ঠাকুরবাড়িতে শুভেন্দু, বাংলার নবনির্মাণের বার্তা নতুন মুখ্যমন্ত্রীর


কলকাতা: 'এখন এসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়', মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বাংলার নবনির্মাণের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর প্রথমেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও হাঁটু মুড়ে প্রণাম করেন শুভেন্দু অধিকারী। তাঁর পরনে সাদা ধুতি ও গেরুয়া পাঞ্জাবি। 



এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারও কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না।" তিনি বলেন, "আমি এখানে বিতর্কিত কথা বলব না, আমি এখন সকলের মুখ্যমন্ত্রী। আমি চাই শুভ বুদ্ধির উদয় হোক। আমি শুধু বলব যারা এখনও সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক।"


শুভেন্দু বলেন, "বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে। শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাকে নবনির্মাণ করি। অনেক দায়িত্ব। এখন এসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। চারা করতে চাইছেন করুন। আমরা শুধু এগিয়ে যাব। আমরা করব জয়..., চরৈবতী চরৈবতী।" 


তিনি আরও বলেন, "আজ পঁচিশে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। সংবিধান মেনে আজ শপথ নিয়েছি। এরপর প্রথম সরকারি কার্যক্রম জোড়াসাঁকো থেকে শুরু হল, কবিগুরুকে প্রণাম করে, মালা অর্পণ করে। 


উল্লেখ্য, এদিন ব্রিগেডে শপথ গ্ৰহণ অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা-সহ বিজেপির বিশিষ্ট নেতৃত্ব।

No comments:

Post a Comment

Post Top Ad