কলকাতা: ফলতায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে ডায়মন্ড হারবার মডেল। ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, তৃণমূল কংগ্রেস নেমে এসেছে চতুর্থ স্থানে। গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে জোড়াফুল শিবির। আর ফলতায় এই বিপুল জয়ের জন্য সেখানকার জনগণের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রাজ্য বিজেপি কার্যকর্তাদের অভিনন্দন জানিয়েছেন তিনি।
এদিন সমাজমাধ্যম পোস্টে প্রধানমন্ত্রী মোদী লেখেন, "ফলতা কথা বলেছে! গণতন্ত্র জিতেছে এবং ভয়ভীতি দেখানোদের পরাজয় হয়েছে।" তিনি লিখেছেন, "ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ী হওয়ায় শ্রী দেবাংশু পান্ডা জি-কে অভিনন্দন। এটি বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অটল আস্থার পরিচয়। জনগণ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের অসাধারণ কাজ দেখছেন এবং সেই কারণেই আমাদের আরও আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন।"
বঙ্গ বিজেপির সকলকে ধন্যবাদ জানিয়ে মোদী লেখেন, "পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত বিজেপি কার্যকর্তাদের তাঁদের অসামান্য কাজের জন্য আমার অভিনন্দন। আগামী দিনেও আমরা পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য কাজ করে যাব।"
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট হয় ফলতায়। সেই সময় ইভিএম কারচুপি, রিগিং, ভয় দেখানোর অভিযোগ উঠেছিল। এরপর সেখানে পুনর্নির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন। ২১ মে ছিল ফলতায় পুনর্নির্বাচিত আর আজ ২৪ মে ফল ঘোষণা। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। ২২ রাউন্ড গণনার শেষে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শম্ভুনাথ কুড়মিকে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬টি ভোট। সিপিএম প্রার্থী পেয়েছেন ৪০ হাজার ৬৪৫টি ভোট। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা পেয়েছেন ১০ হাজার ৮৪টি ভোট।
চতুর্থ স্থানে নেমে এসেছে তৃণমূল কংগ্রেস। যদিও পুনর্নির্বাচনের মাত্র দু'দিন আগে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ান তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান তথা স্বঘোষিত পুষ্পা। যে পুষ্পা ২৯ তারিখ বলেছিলেন, 'ঝুঁকেগা নেহি', পুনর্নির্বাচনের ফল বেরোতেই সেই পুষ্পাকে শেষ পর্যন্ত ঝুঁকেই থাকতে হল।


No comments:
Post a Comment