কলকাতা: রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় এখন বিজেপি সরকার। আর শুভেন্দু আধিকারিকের সরকার গঠনের পর একের পর এক বুলডোজার অভিযান শুরু হয়েছে। শনিবার রাতেও রাজ্যের প্রধান রেল স্টেশন হাওড়া স্টেশন চত্বরে বুলডোজার অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে এবারে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, দেশজুড়ে বুলডোজার চলবে। যেখানেই অবৈধ নির্মাণ বা দখল থাকবে, সেখানেই বুলডোজার ব্যবহার করা হবে।
রবিবার সকালে খড়গপুর শহরে বুকদা এলাকায় চা-চক্রে যোগ দেন মন্ত্রী তথা খড়গপুর সদরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে কথা বলেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, "সারা দেশ জুড়ে বুলডোজার চলবে। যেখানেই অবৈধ নির্মাণ থাকবে, সেখানেই বুলডোজার মোতায়েন করা হবে। বাংলায় ক্ষমতায় আসা নতুন সরকার প্রথম দিন থেকেই এই প্রক্রিয়া শুরু করেছে। আমি অবৈধ কর্মকাণ্ডে জড়িত সকলকে আইনের সীমার মধ্যে থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করার জন্য আবেদন জানাচ্ছি এবং সরকার তাদের পূর্ণ সহযোগিতা করবে। সরকার আপনাদের সম্পূর্ণ সমর্থন দেবে। যারা অবৈধ কার্যকলাপের সাথে জড়িত, তাদের নিজেদেরই জায়গা খালি করে দেওয়া উচিৎ, যাতে তাদের বা আমাদের কোনও সমস্যা না হয়। সরকারি জমিতে কোনও ধরণের জবরদখল আমরা বরদাস্ত করব না।"
উল্লেখ্য যে, বাংলায় অবৈধ নির্মাণ ও দখলদারি বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে হাওড়া রেল স্টেশনের বাইরে একটি উচ্ছেদ অভিযান শুরু করা হয়, যেখানে গঙ্গা ঘাট ও বাসস্ট্যান্ডের কাছে নির্মিত অবৈধ দোকানগুলো সরিয়ে দেওয়া হয়। নিরাপত্তার জন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রেল স্টেশনের বাইরের রাস্তা ও ফুটপাতে লোকজন দোকান বসিয়ে আসছিল এবং অনেকেই অস্থায়ী দোকান তৈরি করে সেখানকার জমি দখল করে নিয়েছিল। রেল পুলিশ এখন সেই অবৈধ দখলগুলো সরিয়ে জায়গা পরিষ্কার করেছে।
এ বিষয়ে দিলীপ ঘোষের মন্তব্য, 'রেলের জায়গা সরকারি জায়গা, সব জায়গায় জোর করে বসে রয়েছে। তৃণমূল নেতা দালালি করে, গুন্ডারা সরকারি জায়গা অবৈধভাবে দখল করে লাভ নিচ্ছে। সেগুলো আস্তে আস্তে সব ক্লিয়ার করে দেওয়া হবে।'


No comments:
Post a Comment