'মানুষ হাত ভরে আশীর্বাদ দিয়েছেন', গণনার মাঝেই রাজ্যবাসীকে বার্তা দিলীপের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 4, 2026

'মানুষ হাত ভরে আশীর্বাদ দিয়েছেন', গণনার মাঝেই রাজ্যবাসীকে বার্তা দিলীপের


কলকাতা: ভোট গণনা চলছে। এখন পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে বাংলায়। রাজ্যে প্রথম বার পদ্ম ফুটতে চলেছে, এমনই ইঙ্গিত মিলছে এই পর্যন্ত। এই আবহে বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও দাবী করেছেন, বাংলায় বিজেপি সরকার গড়বে। এই নিয়ে এবারে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। 


সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি বলেছিলাম প্রথম রাউন্ডে যে হাওয়া উঠেছিল বিজেপির, সেটা ঝড় হয়ে যাবে দ্বিতীয় রাউন্ডে। তাই হয়েছে। ২ দফায় যে ভোট হয়েছে, সব জায়গায় এমনকি যেখানে আমাদের দুর্বলতা ছিল সেখানেও মানুষ হাত ভরে আশীর্বাদ দিয়েছেন।"


রাজ্যবাসীর প্রতি তাঁর বার্তা, "রাজ্যবাসীকে ধন্যবাদ জানাব, তাঁরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপিকে জায়গা দিয়েছেন। ৭৫ বছর পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দলকে ক্ষমতায় বসিয়েছেন। আমরা তাঁদের নিরাশ করব না। তাঁদের স্বপ্ন সফল করব। মোদীজির ওপর ভরসা রাখুন।"


অশান্তি প্রসঙ্গে তাঁর মন্তব্য, "অশান্তি করবে না কেউ। আমিও বলব যে, অশান্তি করার কোনও দরকার নেই। যদি পালাবদল হয় স্বাভাবিকভাবে মেনে নিন আর আমাদের পাঁচ বছর কাজ করতে দিন।"


ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'যেই হবেন দল ঘোষণা করে দেবে।' এতদিন বিরোধী দলে ছিলেন এবার সরকারে আসতে চলেছেন, কী বার্তা থাকবে? সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, "আমরা বিরোধী দলে ৭৫ বছর লড়াই করেছি বাংলায়। মানুষের সেবায় লেগে আছি আমরা। মানুষ আমাদের বিশ্বাস করেছেন, আস্থা রেখেছেন, তাঁদের ধন্যবাদ। তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা পুরো চেষ্টা করব।"


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্য, "ওনাকে লোক ১৫ বছর সময় দিয়েছেন। উনি মানুষের ইচ্ছা পূরণ করতে পারেননি। রাজ্যবাসীকে কষ্ট দিয়েছেন মানুষ সরিয়ে দিয়েছেন। এখন দেখুন আমরা কী কাজ করি।"

No comments:

Post a Comment

Post Top Ad