কলকাতা: গোটা ফলতা বিধানসভায় পুননির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২১ শে মে সেখানকার ২৮৫ বুথে নতুন করে ভোট গ্রহণ হবে। এরপর ২৪ শে মে গণনা ও ফলাফল ঘোষণা। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলতার বহু ভোটকেন্দ্রে গুরুতর নির্বাচনী অপরাধ হয়েছে। এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগও রয়েছে। তাই গোটা বিধানসভা কেন্দ্রেই গত বুধবার অর্থাৎ ২৯শে এপ্রিল যে ভোটগ্রহণ হয়েছে, তা বাতিল করা হয়। নতুন করে ভোটের দিন ঘোষণা করেছে কমিশন।
ডায়মন্ড হারবার জেলার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা বনাম ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের হিমশীতল লড়াই যে এমন পর্যায়ে পৌঁছবে, সেটা অনেকেই ভাবেননি। আর এবারে এসবের মাঝেই কার্যত সুর চড়ালেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে, বিজেপি নেতা অমিত মালব্যর একটি পোস্ট কোট করে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে লেখেন, "আপনারা-ওই বাংলা-বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমারকে আমার ডায়মন্ড হারবার মডেল-এর বিন্দুমাত্র আঁচড় কাটতে ১০ জন্মও যথেষ্ট হবে না।"
তিনি আরও লেখেন, "আপনাদের যা কিছু আছে সব নিয়ে আসুন। আমি সমগ্র ভারত ইউনিয়নকে চ্যালেঞ্জ জানাচ্ছি, ফলতায় আসুন। পাঠান, দিল্লী থেকে আপনাদের কোনও গডফাদার-কে পাঠিয়ে দিন, প্রার্থী হোক। যদি আপনাদের সাহস থাকে, তবে ফলতা থেকে নির্বাচনে লড়ুন।"
উল্লেখ্য, ফলতায় পুনরায় ভোট নিয়ে নির্বাচন কমিশনকে এদিন চরম কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তথা প্রার্থী কুণাল ঘোষ। সমাজমাধ্যমে এক ভিডিও বার্তায় নির্বাচন কমিশনকে রীতিমতো তুলোধোনা করেছেন তিনি। সবমিলিয়ে ভোটের উত্তাপ যেন আরও বাড়িয়ে দিল ফলতার এই পুননির্বাচন।


No comments:
Post a Comment