দক্ষিণ ২৪ পরগনা: 'পুষ্পাহীন' ফলতায় শুরু হয়েছে ভোট গণনা। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে রবিবার ভোট গণনা শুরু হয় নির্বিঘ্নেই। অশান্তির কোনও ইঙ্গিত কোথাও নেই। এরই মাঝে এদিন দেখা গেল আরও এক অবাক করা দৃশ্য; ফলতায় গণনাকেন্দ্রে তৃণমূলের কোনও এজেন্ট এসে পৌঁছোননি। অন্য সব দলের এজেন্ট পৌঁছে গিয়েছেন যথাসময়ে। আর এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে তথাকথিত 'পুষ্পা' তো নিজেকে আগেই ভোটের ময়দান থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন।
দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন হয়েছে গত ২১ মে। আজ ভোটের ফলঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে ফলাফল যে কী হতে পারে, তা আগে থেকেই স্পষ্ট। কারণ, রাজ্যে ক্ষমতার পালাবদল ইতিমধ্যেই হয়েছে। গেরুয়া ঝড়ে কার্যত তছনছ ঘাসফুল শিবির। গত ২১ মে পুনর্নির্বাচন হয় ফলতা বিধানসভায়। আর তাতে প্রতিদ্বন্দ্বীতাই করেননি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান। নির্বাচনের দু'দিন আগে ভোট থেকে সরে দাঁড়ান তিনি। এমন পরিস্থিতিতে বিজেপির সামনে ছিল খোলা মাঠ। সেই মাঠে জয়ের ব্যবধান পদ্ম শিবির কতটা বাড়িয়ে রাখতে পারছে সেই উত্তর মিলবে আজই।
জাহাঙ্গীরের সরে যাওয়ার পর ফলতায় মোট পাঁচজন প্রার্থী লড়াই করেছেন। সেই তালিকায় বিজেপি ছাড়াও রয়েছে কংগ্রেস এবং সিপিআইএম-ও। বিজেপির থেকে তারা কতটা ভোট কাটতে পারেন, তার উত্তরও আজ পাওয়া যাবে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ফলতা পুনর্নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। প্রায় ৮৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন পুনর্নির্বাচনে। তবে জয় নেই কোনও সন্দেহ নেই পদ্ম শিবিরের অন্দরে। এখন শুধু দেখার মার্জিন কতটা নিয়ে এগিয়ে থাকা যায়। রাজ্যে বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। ফলতায় জিতলেই জেতা আসনের সংখ্যা পৌঁছে যাবে ২০৮-এ।
এদিন পুনর্নির্বাচনের গণনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই কেন্দ্রে ভোটের সময় ছিল ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনাতেও জওয়ানেরা রয়েছেন। প্রথম রাউন্ডের গণনা শুরু হয়েছে ইতিমধ্যেই।

No comments:
Post a Comment