কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু করল পুলিশ। রাজীব সরকার নামে এক সমাজকর্মীর করা অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ এফআইআর দায়ের করল। অভিষেকের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় মোট ৫ টি ধারায় মামলা দায়ের হয়েছে। তার মধ্যে জামিন অযোগ্য ধারায় মামলাও রয়েছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ দিন ৫ মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান বাগুইআটির রাজীব সরকার। নির্বাচন চলাকালীন একাধিক জায়গায় উস্কানিমূলক বক্তব্য দেওয়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়া, অভিষেকের বক্তব্যের এমন একাধিক লিঙ্ক তুলে ধরে মোট ৭ পৃষ্ঠার অভিযোগ জানান তিনি। সেই অভিযোগের ভিত্তিতে, ৫ টি ধারায় পুলিশ এফআইআর দায়ের করল।
এর মধ্যে তিনটি ভারতীয় ন্যায় সংহিতা আইনের ধারা রয়েছে। বিএনএস ১৯২, বিএনএস ১৯৬ (জামিন অযোগ্য), বিএনএস ৩৫১/২ (জামিন অযোগ্য) ধারা রয়েছে। এছাড়াও আরও দুটি ধারা প্রয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, বিধানসভা ভোটের প্রচার চলাকালীন প্রায় প্রতি সভা থেকেই বিজেপির বিরুদ্ধে তীক্ষ্ণ, ঝাঁঝালো ভাষায় আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি, গত ২৭ এপ্রিল এক জনসভায় বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেকের মন্তব্য ছিল, “চার তারিখ বারোটার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লীর বাবা কাকে বাঁচাতে আসে আমি ৪ তারিখ দেখব।" এই বক্তব্যের ভিডিও লিঙ্ক অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও অভিষেকের এই ধরণের বক্তব্যের আরও কিছু লিঙ্ক রয়েছে অভিযোগপত্রে।

No comments:
Post a Comment