ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গিয়েছে? নেদারল্যান্ডসে মোদীর মুখে বাংলা নির্বাচনের প্রসঙ্গ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 16, 2026

ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গিয়েছে? নেদারল্যান্ডসে মোদীর মুখে বাংলা নির্বাচনের প্রসঙ্গ


ন্যাশনাল ডেস্ক, ১৬ মে ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নেদারল্যান্ডসে বসবাসরত প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, সেখানে তিনি নিজের বাড়ির মতো অনুভব করেন। পাশাপাশি এখানেও ঝালমুড়ির কথা উল্লেখ করেন মোদী।


সংযুক্ত আরব আমিরশাহি হয়ে প্রধানমন্ত্রী পৌঁছেছেন নেদারল্যান্ডসে। শনিবার সেখানে দ্য হেগ শহরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন তিনি। ওই আলোচনার সময় পাঁচ রাজ্যের ভোট প্রসঙ্গ উঠতেই আসে ঝালমুড়ির কথা। তিনি বলেন, “যখন সাধারণ মানুষের স্বপ্ন সত্যি হয়, তখন গণতন্ত্রের উপর তাঁদের ভরসা বৃদ্ধি পায়।” এ প্রসঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলির কথা বলতেই চারদিক থেকে উল্লাস ভেসে আসে। তা শুনে প্রধানমন্ত্রী বলেন, “ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গিয়েছে?” এই শুনে শ্রোতারা হেসে ওঠেন। 



পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনে ভোটদানের হারের কথাও উল্লেখ করেন মোদী। তিনি জানান, সব ক্ষেত্রেই ৮০-৯০ শতাংশ ভোেট পড়েছে। তার মধ্যে প্রতিটি রাজ্যে মহিলাদের ভোটদানের হারও উল্লেখযোগ্য ছিল।


প্রধানমন্ত্রী ভারতের গণতান্ত্রিক অংশগ্রহণ নিয়েও কথা বলেন এবং জানান যে ভারতে প্রতি বছর রেকর্ড সংখ্যক ভোটার ভোট দেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, ৬৪ কোটিরও বেশি মানুষ ভোট দিয়েছেন, যা তাঁর মতে ইউরোপীয় ইউনিয়নের মোট জনসংখ্যার চেয়েও বেশি।


প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ ১৬ই মে এবং এই দিনটি আরও একটি কারণে অত্যন্ত বিশেষ। বারো বছর আগে, ২০১৪ সালের ১৬ই মে, একটি বিশেষ ঘটনা ঘটেছিল। ২০১৪ সালের এই দিনে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। কয়েক দশক পর ভারতে একটি স্থিতিশীল, পূর্ণ-সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন নিশ্চিত হয়েছিল। সেই দিনটি ছিল এবং আজকের দিনটিও আছে। লক্ষ লক্ষ ভারতীয়ের আস্থা আমাকে থামতে বা ক্লান্ত হতে দেয় না।"


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, “খুব অল্প বয়স থেকেই আমি দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলাম। আপনারা সবাই আমার পরিবার হয়ে উঠেছেন। আমি ‘আমি’-র পরিবর্তে ‘আমরা’-র পথ বেছে নিয়েছি। তখন আপনাদের খুশি আমার খুশি হয়ে ওঠে এবং আপনাদের কল্যাণই আমার কর্তব্য। আমি কখনও কল্পনাও করিনি যে জনগণের কাছ থেকে এত ভালোবাসা পাব। যখন আমি পেছনে ফিরে তাকাই, তখন মুখ্যমন্ত্রী হিসেবে ১৩ বছরের এবং প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছরের সেবা দেখতে পাই।”


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “নেদারল্যান্ডসের ক্রিকেটে ভারতীয় সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছিল, যেখানে নেদারল্যান্ডস দুর্দান্ত খেলেছিল। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু নেদারল্যান্ডস ম্যাচে ভারতকে কঠিন লড়াইয়ে ফেলেছিল।”


প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারত যেমন পদ্মফুলের জন্য বিখ্যাত, নেদারল্যান্ডস তেমন টিউলিপের জন্য বিখ্যাত। টিউলিপ এবং পদ্ম উভয়ই আমাদের শেখায় যে শিকড় জলে থাকুক বা মাটিতে, সৌন্দর্য এবং শক্তি উভয়ই খুঁজে পাওয়া যায়।”


উল্লেখ্য, গত এপ্রিলে ভোটের প্রচারে ঝাড়গ্রামে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। ঝাড়গ্রামের সভা শেষ করে পরবর্তী সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিতে হেলিপ্যাডের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময়েই কলেজ মোড়ের কাছে হঠাৎ দাঁড়িয়ে যায় তাঁর কনভয়। গাড়ি থেকে নেমে একটি ঝালমুড়ির দোকানে গিয়ে ১০ টাকার ঝালমুড়ি কিনে খান তিনি। 


প্রধানমন্ত্রীর ওই ঝালমুড়ি খাওয়া নিয়ে প্রচারপর্বে বিভিন্ন ভাবে খোঁচা দিয়েছিল তৃণমূল। গোটা বিষয়টিকে 'নাটক' বলে কটাক্ষও করেছিল। তার জবাব দিয়েছিলেন মোদীও। কয়েক দিন পরেই আবার রাজ্যে ভোটের প্রচারে এসে তিনি বলেছিলেন, “ঝালমুড়ি কিছু লোককে জোরে ধাক্কা দিয়েছে। আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের।”

আর এদিন নেদারল্যান্ডস সফরেও প্রধানমন্ত্রী মোদীর মুখে শোনা গেল ঝালমুড়ি প্রসঙ্গ। 


প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। এই সফরকালে দুই দেশ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব, ভারতের জন্য ৩ কোটি ব্যারেল তেল সংরক্ষণের ব্যবস্থা, এলপিজি সরবরাহ এবং গুজরাটের ভাদনগরে একটি জাহাজ মেরামত ক্লাস্টার স্থাপন। সংযুক্ত আরব আমিরাত ভারতের পরিকাঠামো, আরবিএল ব্যাংক এবং সম্মান ক্যাপিটালে মোট ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad