হু হু করে বাড়ছে তাপ, তপ্ত দক্ষিণে স্বস্তির বৃষ্টি কবে? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, May 22, 2026

হু হু করে বাড়ছে তাপ, তপ্ত দক্ষিণে স্বস্তির বৃষ্টি কবে?


কলকাতা: গরমে চরমে। আর্দ্রতাজনিত অস্বস্তিতে একবারে নাজেহাল অবস্থা। আর এখনই এই পরিস্থিতি থেকে নিস্তার নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। উল্টে আরও কিছুদিন চলবে এই কঠিন সময়। কেমন থাকবে আবহাওয়া, চলুন জেনে নিই। 


হাওয়া অফিস সূত্রে খবর, আজ বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে তাতে গরম কমবে না। উল্টে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়বে। এদিন এই তিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ২৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যে। বাতাসে আর্দ্রতা থাকতে পারে ৬৫ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে। তবে, বীরভূম এবং বর্ধমানের কিছু জায়গায় ৪০ থেকে ৫০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত ও দমকা হওয়া বইতেও পারে।


কলকাতা, হাওড়া হুগলির মতো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের দাপট অব্যাহত থাকার সম্ভাবনা প্রচণ্ড। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আর্দ্রতার মান পৌঁছে যেতে পারে ৭০ থেকে ৮৫ শতাংশে। যার ফলে অস্বস্তি বাড়বে বই কমবে না। যদিও আজ বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি কোনওভাবেই স্বস্তি দেবে না।


পাশাপাশি দুই মেদিনীপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে। বাতাসে আর্দ্রতা থাকতে পারে ৭০ থেকে ৮০ শতাংশ। যদিও আজ বিকেলে হতে পারে বৃষ্টি। এমনকি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়াও বইতে পারে। এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রামে গরম চরমে থাকবে এবং তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের কিছু অংশে শুক্রবার কালবৈশাখী হতে পারে, বলেই পূর্বাভাস। 


অন্যদিকে, উত্তরবঙ্গের বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, আগামী মঙ্গলবার পর্যন্ত সেখানে বৃষ্টিপাত চলতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad