উচ্চমাধ্যমিকে রাজ্য-সেরা মালদার ২ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 14, 2026

উচ্চমাধ্যমিকে রাজ্য-সেরা মালদার ২


নিজস্ব সংবাদদাতা, মালদা: মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও রাজ্যের মেধা তালিকায় সাফল্য মালদা জেলার। রাজ্যের অষ্টম ও নবম স্থান দখল করে জেলার মুখ উজ্জ্বল করেছে দুই কৃতী ছাত্র। তাঁদের এই সাফল্যে খুশির হাওয়া জেলাজুড়ে।


রাজ্যের অষ্টম স্থান অধিকার করেছে মালদা শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির-এর ছাত্র অরিত্র সাহা। শহরের ঝলঝলিয়া দেশবন্ধু পাড়া এলাকার বাসিন্দা অরিত্রর উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৮৯। ফল প্রকাশের পর থেকেই পরিবার, স্কুল এবং এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।


নিজের সাফল্য প্রসঙ্গে অরিত্র জানায়, “ভাল ফল হবে আশা করেছিলাম, তবে রাজ্যের মেধা তালিকায় স্থান পাব ভাবিনি। নিয়মিত ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করতাম। ভবিষ্যতে ইসরোতে গিয়ে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে রয়েছে। ইতিমধ্যেই জেইই অ্যাডভান্সড পরীক্ষায় পাশ করেছি। আশা করছি স্বপ্ন পূরণ হবে।”


অরিত্রর এই সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষও। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির-এর প্রধান শিক্ষক স্বামী তপহারানন্দ বলেন, “প্রতি বছরই আমাদের স্কুলের কোনও না কোনও ছাত্র রাজ্যের মেধা তালিকায় স্থান করে নেয়। এবছর মাধ্যমিকে না হলেও উচ্চমাধ্যমিকে অরিত্র রাজ্যে অষ্টম স্থান অর্জন করেছে। ওর এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত।”


অন্যদিকে, রাজ্যের নবম স্থান অধিকার করেছে সুজাপুর হাই স্কুল-এর ছাত্র মোঃ সাহাবুদ্দিন আলী। বৈষ্ণবনগর থানার ভগবানপুর এলাহিটোলা এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন মোট ৪৮৮ নম্বর পেয়েছে। তাঁর বাবা সাহিফুদ্দিন আহমেদ পেশায় একজন কৃষক। সাধারণ পরিবারের ছেলে হয়েও সাহাবুদ্দিনের এই অসাধারণ সাফল্য এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে তার।


উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় মালদার দুই ছাত্রের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত জেলার শিক্ষামহল। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির এবং সুজাপুর হাই স্কুল—দুই বিদ্যালয়ের ছাত্রদের এই কৃতিত্ব আগামী দিনের পড়ুয়াদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেই মনে করছেন জেলার মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad