কলকাতা: রাজ্যে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার তাঁকে পরিষদীয় দলের নেতা বেছে নেওয়া হয়। বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে অমিত শাহ তাঁর নাম ঘোষণা করেন। এই ঘোষণার পর প্রথম বক্তব্য রাখতে গিয়ে বিশেষ বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। দলে গণতান্ত্রিক পদ্ধতিতে মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার প্রক্রিয়ায় প্রশংসা করেন তিনি। স্পষ্ট বলেন, 'আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করবে।'
তাঁর আশ্বাস, বাংলার মানুষের স্বপ্নপূরণ করার কাজ করবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা যা গ্যারান্টি দিয়েছেন, সব পূরণ করার কাজ করবে বিজেপি সরকার। ভোটের আগে চার্জশিট প্রকাশ করেছিল বিজেপি। তৃণমূল আমলে কী কী দুর্নীতি হয়েছে, তা নিয়ে ওই চার্জশিট প্রকাশ করেছিল বিজেপি। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'মহিলাদের ওপর যা যা অত্যাচারের ঘটনা ঘটেছে, সব ঘটনার তদন্তের জন্য কমিশন বসবে। যত দুর্নীতি হয়েছে তার তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন বসানো হবে। দোষীদের শাস্তি দেওয়া হবে।'
শুভেন্দু বলেন ,"বাংলার প্রথম বিজেপি সরকার কম কথা বলবে, বেশি কাজ করবে।" তিনি বলেন, "পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্নপূরণে নিরলস ভাবে কাজ করবে নতুন সরকার। সরকারি কর্মপদ্ধতি হবে, "আমি নয়, আমরা।"
বিজেপি বিধায়ক দলের বৈঠকের ভাষণে শুভেন্দু অধিকারী বাংলার মানুষের উদ্দেশ্যে বার্তা, "ভয় আউট, ভরসা ইন।" একই সঙ্গে তিনি জানান, দলের সংকল্পপত্রে দেওয়া সব প্রতিশ্রুতিগুলি পূরণে কাজ করবে বিজেপি সরকার। হিংসামুক্ত বাংলা গড়ারও ডাক দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, "ইতিবাচক কাজ করে, সঙ্কল্প পত্র কার্যকর করে আগামী নির্বাচনে ৬০ শতাংশের বেশি মানুষকে পাশে আনব।"
এর পাশাপাশি, বিজেপির সেই সব কর্মীদের প্রতি শুভেন্দু অধিকারী কৃতজ্ঞতা জানান, যাঁরা দিন-রাত পরিশ্রম করে দলের পক্ষে জনসমর্থন আদায়ে কাজ করেছেন।

No comments:
Post a Comment