কলকাতা: এখন থেকে মন্দির বা মসজিদে আর তারস্বরে বাজানো যাবে না লাউডস্পিকার। সরকারে এসেই শব্দবিধি কঠোরভাবে প্রয়োগের নির্দেশিকা জারি করা হল। মন্দির বা মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে কঠোর নিয়ম-কানুন করল বিজেপি সরকার। সূত্র মারফত দাবী করা হয়েছে, নিয়ম কানুন কড়া ভাবে পালন করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্মীয় স্থানে লাউড স্পিকার বাজানো থেকে রাস্তা বন্ধ করা, সবকিছু নিয়েই পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট নির্দেশ, ধর্মীয় স্থানে যে লাউডস্পিকার বাজানো হয়, সেটা যেন কোনওভাবেই সীমিত শব্দবিধির বাইরে না যায়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। আর রাস্তাও যেন অযথা বন্ধ করা না হয়, বৈঠকে তা নিশ্চিত করতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
সরকারে তরফে পুলিশকে জানানো হয়েছে, হাইকোর্টের আদেশ অনুসারে, মন্দির, মসজিদ বা অন্য কোনও ধর্মীয় অনুষ্ঠানে কোথাও উচ্চস্বরে লাউড স্পিকার বাজানো যাবে না। তারস্বরে লাউড স্পিকার বাজানো হলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, হাইকোর্টের নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মন্দির, মসজিদ, পুজো-পার্বণ বা অন্য যে কোনও সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানই হোক না কেন, শব্দবিধি লঙ্ঘন নয়। উচ্চস্বরে মাইক বা লাউডস্পিকার বাজানো একেবারেই বরদাস্ত করা হবে না। নিয়ম অমান্য করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফে।
উল্লেখ্য, রাজ্যে সরকারে এসেই একের পর পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। দুর্নীতি থেকে সামাজিক জনজীবন, সব ক্ষেত্রেই এবার কড়াকড়ির ইঙ্গিত দিচ্ছে শাসক শিবির। সেই তালিকায় রয়েছে তারস্বরে লাউড স্পিকার বাজানো থেকে শুরু করে হেলমেট পরা-সহ একাধিক বিষয়ও।

No comments:
Post a Comment