কলকাতা: 'তৃণমূলের একাধিক বিধায়ক বলেছেন আমরা স্বাধীনতা পেলাম', বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, "জনগণের আশীর্বাদে এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা বিধানসভার ভেতরে প্রবেশ করেছি। এখানেই আইন তৈরি হবে, বাজেট পেশ করা হবে এবং এই বিধানসভার প্রতি দায়বদ্ধতা এই সরকারের থাকবে। তিনি বলেন, "এই বিধানসভায় কোনও কিছু গোপনীয়তা থাকবে না।"
তিনি জানান, 'আজ এখানে ১৪৩ জন বিধায়ক শপথ নেবেন। আগামীকাল নতুন স্পিকার নির্বাচিত হবেন। মুখ্যমন্ত্রী বলেন, "আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে, 'আমরা স্বাধীনতা পেলাম'। এর মানে যা করার করুন।"
দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদীর আহ্বানের বিষয়ে তিনি বলেন, "এটি একটি খুব ভালো সিদ্ধান্ত। আমি ডিজিপিকেও আমার জন্য ন্যূনতম কনভয় রাখতে নির্দেশ দিয়েছি... আমার কনভয়ের গাড়ির সংখ্যায় আপনারা পার্থক্যটা দেখতেই পাচ্ছেন।" তিনি বলেন, আমিও আমার লোকেদের বলেছি, অপ্রয়োজনীয় গাড়ি রাখার দরকার নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। তিনি আজ যেটা করেছেন, আমরাও সেটায় করব। তাঁর দেখানো পথেই চলব।"
পাশাপাশি এদিন বিধায়কপদে শপথ নেওয়ার পরে শুভেন্দু বলেন, "আমি দু'জায়গার বিধায়ক হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম মানে আমাকে সংবিধানের আইন অনুযায়ী নন্দীগ্রাম ছাড়তে হবে।" তিনি আরও বলেন, 'নন্দীগ্রাম ছাড়লেও সেখানকার মানুষদের কথা দিতে পারি, নির্বাচনের সময় আমি যেসমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, অন্য এলাকার সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষদের বুঝতে দেব না যে, সেখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী নয়।"
উল্লেখ্য, বুধবার বিধায়ক পদে শপথ নিচ্ছেন নবনির্বাচিত প্রার্থীরা। ভবানীপুরের বিধায়ক হিসেবে এদিন সবার প্রথম শপথ নেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই আসন থেকেই জিতেছিলেন শুভেন্দু। অর্থাৎ, নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিতে চলেছেন। জয়ী বিধায়কদের মধ্যে তিনিই এদিন প্রথম শপথ পাঠ করেন। তারপরে দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পলের পর মেখলিগঞ্জের বিধায়ক-সহ বাকি বিধানসভার নবনির্বাচিত বিধায়করা নিজেদের আঞ্চলিক ভাষায় শপথ বাক্য পাঠ করেন।

No comments:
Post a Comment