কলকাতা: আর একটু পরেই বিধানসভা নির্বাচনের গণনা শুরু হবে। ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা আজ। আগেরদিন নিদ্রাবিহীন রাত কাটালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সারারাত জেগে থাকলেন তিনি। পাশাপাশি কর্মীদের দিলেন বড় বার্তাও।
রবিবার গভীর রাতে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লেখেন, "সতর্ক থাকুন। পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন।"
তিনি লেখেন, "বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে। হুগলির শ্রীরামপুর, নদীয়ার কৃষ্ণনগর থেকে বর্ধমানের আউশগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এরকম ঘটনা সামনে এসেছে যেখানে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্ট্রং রুমে গাড়ি যাতায়াত করছে।"
মমতা বলেন, "আমি দলের কর্মীদের আহ্বান জানাচ্ছি, আমি যেভাবে রাত জেগে সমস্ত বিষয়ের ওপর নজর রাখছি আপনারাও রাত জেগে স্ট্রংরুমে জনগণের ভোট পাহারা দিন। কোথাও কোনও সন্দেহজনক পরিস্থিতি কেউ সৃষ্টি করলে, তাদের ঘিরে ধরুন, সঙ্গে সঙ্গে অভিযোগ করুন এবং সিসিটিভি ফুটেজ দাবী করুন। এই সমস্তটাই বিজেপির অঙ্গুলিহেলনে করা হচ্ছে।"
রাজ্যজুড়ে ভোট-পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেলেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানান, ইভিএম নিয়ে কারচুপির আশঙ্কা আছে এবং তাই স্ট্রংরুমে কড়া পাহারার প্রয়োজন। কর্মীদেরও স্ট্রংরুমের ওপরে নজর রাখতে নির্দেশ দেন তিনি। বলেছিলেন, "নজর রাখতে হবে কোনও রকম অবহেলা যেন না হয়। আমি যতক্ষণ সাংবাদিক সম্মেলন করে না বলব ততক্ষণ কেউ গণনার টেবিল ছাড়বেন না।"
এরপরেই তিনি সতর্ক করে বলেন, "মনে রাখবেন টেবিলে যেটা গোনা হয় তারপর ওরা কম্পিউটারে আপলোডের সময় সেটা পাল্টে দেয়; মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিতে আর বিজেপিরটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন সতর্ক থাকুন।"


No comments:
Post a Comment