মিঠুনের বাড়িতে মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে প্রশংসায় ভরালেন 'মহাগুরু' - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 16, 2026

মিঠুনের বাড়িতে মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে প্রশংসায় ভরালেন 'মহাগুরু'


কলকাতা: ব্যস্ত প্রশাসনিক কর্মসূচির মাঝেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে মেগাস্টার তথা দলের অন্যতম শীর্ষ তারকা নেতৃত্ব মিঠুন চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যান তিনি। বেশ কিছুক্ষণ তাঁর বাড়িতে ছিলেন। এর পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দুজনে। সেখানে শুভেন্দুকে প্রশংসায় ভরিয়ে দিলেন মিঠুন। বর্ষীয়ান এই অভিনেতা তথা বিজেপি নেতার কথায়, 'এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না।'


শুভেন্দু এদিন জানান, বাংলার হৃতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং বাংলার রাষ্ট্রবাদীদের বাঁচানোর জন্য নিরলস চেষ্টা করেছেন মিঠুন চক্রবর্তী। তাঁর পরিশ্রমের কোনও সীমা ছিল না। এই ভোটেও সর্বোচ্চ সভা, রোড-শো করেছেন মিঠুন। গত কয়েক মাস ধরে লাগাতার ইন্ডোর মিটিং করেছেন তিনি। কাজ করেছেন মাইক্রো লেভেলে গিয়ে।


শুভেন্দুর কথায়, 'আমি নিশ্চিত ভাবে জনগণের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছি। বিজেপি আমাকে বেছে নিয়েছে। কিন্তু এর নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। মিঠুনদা কাল বলেছিলেন দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে।'


মুখ্যমন্ত্রীর মুখে প্রশংসা শুনে স্বভাবতই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন পর্দার 'মহাগুরু'। এরপর শুভেন্দুর কাজের প্রশংসা করে মিঠুন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের জন্য শুভেন্দুর মতো এত ভালো মুখ্যমন্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। মিঠুন বলেন, "এর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী আর হবে না। পশ্চিমবঙ্গে এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পাবে না। শপথ নেওয়ার পর মুহূর্ত থেকে ইনি কাজ শুরু করেছেন। আগামী দিন আর কী কী হয়ে সকলে দেখবেন।"


উল্লেখ্য, শনিবার ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক। এছাড়াও এলাকার বিধায়কদের নিয়েও আরও একদফা বৈঠক হতে পারে, বলেই জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad