নীল-সাদা অতীত, গেরুয়া আলোয় সাজল নবান্ন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 10, 2026

নীল-সাদা অতীত, গেরুয়া আলোয় সাজল নবান্ন

 


নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নীল-সাদায় মোড়া রাজ্য সচিবালয়। 'নবান্ন'কে এই রূপেই এতদিন দেখে এসেছে রাজ্যবাসী। তবে, রবি সন্ধ্যায় নজর কাড়ল গেরুয়াময় নবান্ন। রাজ্যে পালাবদল হয়েছে। এখন রাজ্যে বিজেপির সরকার। আর সরকার পরিবর্তনের পরেই যেন বদলে নবান্নের ছবিটা। রবিবার সন্ধ্যায় গেরুয়া রঙের আলোয় আলোকিত হয়ে উঠল রাজ্য সচিবালয় ভবন, যা দূর থেকেও স্পষ্ট দৃশ্যমান।


গঙ্গার ধারে অবস্থিত নবান্নের গেরুয়া আলোকসজ্জা পথচলতি মানুষ থেকে শুরু করে অন্যান্য নাগরিকদেরও নজর কেড়েছে। বিজেপি সরকার গঠনের পর প্রশাসনিক ও রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের প্রতীক হিসেবেও এই দৃশ্যকে দেখছেন অনেকে। এদিন সন্ধ্যা নামতেই পুরো সচিবালয় চত্বর গেরুয়া আলোয় ঢেকে যায়। বিদ্যাসাগর সেতু ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ এই নতুন রূপ চাক্ষুষ করেন। অনেকে আবার মোবাইল ফোনে সেই মুহূর্ত ক্যামেরাবন্দিও করেন। দীর্ঘদিন ধরে নীল-সাদা রঙের পরিচয়ে পরিচিত নবান্ন এদিন নতুন রঙে সেজে উঠেছে, যা রাজনৈতিক মহলেও জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।


উল্লেখ্য, সোমবার নবান্নে দুপুর সাড়ে ১২টায় সচিবদের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এরপর দুপুর দেড়টায় বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে সকালে গার্ড অব অনার দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। সকাল সাড়ে ৯টায় নবান্নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  


এছাড়াও সোমবার বিকেল ৪ টায় জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আবার পুলিশের আধিকারিকদের সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিকেল ৫টায় বৈঠক। রবিবারেই সেখানে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা।

No comments:

Post a Comment

Post Top Ad