ন্যাশনাল ডেস্ক, ১০ মে ২০২৬: বৈশ্বিক অনিশ্চয়তা এবং পশ্চিম এশীয় সংকটের আঁচ ভারতেও। এর পরিপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাশ্রয়ে সংযমী হওয়ার বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, 'কোভিড-১৯ মহামারীর সময় আমরা অনেক ব্যবস্থা গ্রহণ করেছিলাম এবং এখন সেই ব্যবস্থাগুলো পুনরায় চালু করার সময় এসেছে।'
রবিবার হায়দরাবাদে এক সরকারি কর্মসূচিতে বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে তেলঙ্গানায় প্রায় ৯৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন তিনি। কংগ্রেসশাসিত তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেডিও ছিলেন ওই মঞ্চে। সেখানে বক্তৃতার সময়েই পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং পেট্রোপণ্যের প্রসঙ্গ তুলে ধরেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সময়ে পেট্রল, ডিজেল, গ্যাস-এ সব জিনিস অত্যন্ত সংযমী হয়ে ব্যবহার করতে হবে। যে সব জ্বালানি পণ্য আমরা বিদেশ থেকে আমদানি করি, সেই গুলি যেটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করার চেষ্টা করতে হবে। এতে বিদেশি মুদ্রারও সাশ্রয় হবে এবং যুদ্ধের সঙ্কটের বিরূপ প্রভাবকেও কমানো যাবে।”
পশ্চিম এশীয় সংঘাতের প্রভাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "এই বৈশ্বিক সংকটের সময়ে, আমাদের কর্তব্যকে সর্বাগ্রে বিবেচনা করে সম্পূর্ণ নিষ্ঠার সাথে তা পালন করার সংকল্প করতে হবে। একটি প্রধান সংকল্প হল পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো। আমাদের পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে হবে। যেসব শহরে মেট্রো লাইন আছে, সেখানে আমাদের শুধু মেট্রোতে যাতায়াত করার সিদ্ধান্ত নেওয়া উচিৎ।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "গাড়ি ব্যবহার করতেই হলে আমাদের কারপুলিং করার চেষ্টা করা উচিৎ। যাঁদের ইলেকট্রিক গাড়ি আছে, তাঁদের যথাসম্ভব সেগুলো ব্যবহার করার চেষ্টা করা উচিৎ। কোভিড-১৯ মহামারীর সময়ে আমরা বাড়ি থেকে কাজ করা, অনলাইন মিটিং এবং ভিডিও কনফারেন্সিংয়ের জন্য অনেক ব্যবস্থা তৈরি করেছি এবং আমরা সেগুলিতে অভ্যস্ত হয়ে গেছি। আজকের সময়ের চাহিদা এমন যে, এই ব্যবস্থাগুলি পুনরায় চালু করা জাতীয় স্বার্থেই হবে।"
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমাদের বাড়ি থেকে কাজ করা, অনলাইন কনফারেন্সিং এবং ভার্চুয়াল মিটিংকে পুনরায় অগ্রাধিকার দেওয়া উচিৎ। আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ওপরেও বিশেষ জোর দেওয়া উচিৎ, কারণ বিশ্বব্যাপী পেট্রোল এবং ডিজেলের দাম খুব বেড়ে গেছে। পেট্রোল ও ডিজেল কেনার জন্য ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা আমাদের দায়িত্ব।"
প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, মধ্যবিত্তদের মধ্যে বিদেশে বিয়ে, বিদেশ ভ্রমণ এবং বিদেশে ছুটি কাটানোর সংস্কৃতি দ্রুত বাড়ছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, এই সংকটের সময়ে আমাদের অন্তত এক বছরের জন্য বিদেশ ভ্রমণ স্থগিত রাখা উচিৎ।'
তিনি এও বলেন, "আমাদের মনে রাখতে হবে যে, দেশপ্রেম মানে শুধু দেশের জন্য জীবন দেওয়া নয়। দেশের জন্য বাঁচা এবং দেশের প্রতি আমাদের কর্তব্য পালন করাও দেশপ্রেম।"

No comments:
Post a Comment