কলকাতা: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে রবিবারই শপথ নিয়েছেন তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয়। তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে এবার শুভেচ্ছা জানালেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার সমাজমাধ্যম এক্স পোস্টে মমতা লেখেন, "তামিলাগা ভেট্রি কাজগম (টিভিকে)-কে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাঁদের চমকপ্রদ জয়ের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে, শ্রী বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।"
তিনি আরও লেখেন, "এই রায় তামিলনাড়ুর মানুষের আশা-আকাঙ্ক্ষা, বিশ্বাস এবং গণতান্ত্রিক ইচ্ছার প্রতিফলন। আমি বিশ্বাসী যে, তাঁর নেতৃত্বে তামিলনাড়ু উন্নয়ন, জনকল্যাণ এবং অন্তর্ভুত্তি অগ্রগতির পথে এগিয়ে যেতে থাকবে। জনগণের সেবায় নিষ্ঠা ও প্রতিশ্রুতির সঙ্গে কাজ করার জন্য তাঁকে এবং তাঁর সরকারকে সাফল্যের শুভেচ্ছা জানাই।"
শপথ গ্রহণের পর বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি সমাজমাধ্যম পোস্টে লেখেন, "তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় থিরু সি. জোসেফ বিজয়কে অভিনন্দন। তাঁর আসন্ন কার্যকালের জন্য শুভকামনা রইল। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারের সঙ্গে কাজ করে যাবে।'
প্রসঙ্গত, দক্ষিণের অন্যতম সেরা অভিনেতা থালাপতি বিজয় রাজনীতির আঙিনায় পা রাখেন ২০২৪ সালে। ওই বছরেই তিনি তামিলনাড়ু ভেট্টি কাজাগাম দল গঠন করেন। এর মাত্র দু-বছরেই তামিলনাড়ুর 'রাজা' হিসেবে আবির্ভূত হলেন তিনি। বিজয়ের দল ১০৮টি আসন জিতেছে। এরপর অন্যান্য দলের সমর্থন নিয়ে তামিলনাড়ুতে শুরু হল 'বিজয় রাজ'।


No comments:
Post a Comment