ন্যাশনাল ডেস্ক, ১২ মে ২০২৬: নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিলের ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং বিজেপির তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন যে, "২২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর কঠোর পরিশ্রম, ত্যাগ এবং স্বপ্নকে দুর্নীতিগ্রস্ত বিজেপি ব্যবস্থা চূর্ণ করে দিয়েছে। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রশ্নপত্র ফাঁস, সরকারি অবহেলা এবং শিক্ষা ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
মঙ্গলবার সমাজমাধ্যম পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, নিট ২০২৬ পরীক্ষা বাতিল করা হয়েছে। বিজেপি-শাসিত এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার কারণে ২২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর কঠোর পরিশ্রম, ত্যাগ এবং স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।"
রাহুল গান্ধী লেখেন, "কিছু বাবা তাঁদের সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে ঋণ নিয়েছেন, কিছু মা তাঁদের গয়না বিক্রি করেছেন, আর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী রাত জেগে প্রস্তুতি নিয়েছে। কিন্তু এর বিনিময়ে তাঁরা পেয়েছে প্রশ্নপত্র ফাঁস, সরকারি অবহেলা আর শিক্ষায় সংগঠিত দুর্নীতি। এটা শুধু ব্যর্থতাই নয় বরং যুবসমাজের ভবিষ্যতের সঙ্গে করা একটি অপরাধ।"
কংগ্রেস নেতা আরও লেখেন, 'প্রতিবার পেপার মাফিয়ারা পার পেয়ে যায় আর সৎ ছাত্রছাত্রীরা শাস্তি ভোগ করে।" তাঁর মতে, শিক্ষা ব্যবস্থায় চলমান অনিয়ম ছাত্রছাত্রীদের আস্থা নষ্ট করছে। রাহুল গান্ধীর বক্তব্য, "এখন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আবারও মানসিক চাপ, আর্থিক বোঝা এবং অনিশ্চয়তার সম্মুখীন হবে।" তাঁর প্রশ্ন, "কঠোর পরিশ্রমের পরিবর্তে যদি অর্থ এবং প্রভাবই ভাগ্য নির্ধারণ করে, তাহলে শিক্ষার অর্থ কী থাকবে?"
রাহুল গান্ধী তাঁর পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন, তিনি লেখেন, "প্রধানমন্ত্রী তথাকথিত 'অমৃতকাল' দেশের জন্য 'বিষকাল' হয়ে গেছে।"
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস ঘিরে দেশজুড়ে তোলপাড়। শেষমেশ গত ৩ মে অনুষ্ঠিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট-ইউজি) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। এই সিদ্ধান্তের ফলে পরীক্ষায় বসা প্রায় ২২ লক্ষ প্রার্থীর ভবিষ্যৎ আপাতত অনিশ্চয়তার মুখে পড়লেও, স্বচ্ছতা বজায় রাখতে এই কঠোর পদক্ষেপ, বলে জানানো হয়েছে।

No comments:
Post a Comment