হাসপাতালে মদন মিত্র, আচমকা কী হল তৃণমূল নেতার? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 12, 2026

হাসপাতালে মদন মিত্র, আচমকা কী হল তৃণমূল নেতার?


কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কামারহাটির বিধায়ক তথা তৃণমূল নেতা মদন মিত্র। সোমবার অর্থাৎ ১১ তারিখ বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান তৃণমূল নেতাকে। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। 


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মদন মিত্রর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই হয়েছে। সম্প্রতি তাঁর ইউরিন সংক্রমণ সংক্রান্ত উপসর্গ দেখা দেয়। সেই কারণে তড়িঘড়ি গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নতুন করে শারীরিক অবস্থার অবনতি না ঘটলে আগামীকাল মদনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত তাঁকে বিশ্রামেই থাকতে হবে।


সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে ১৫ বছরের তৃণমূল সরকারের ভরাডুবি হয়েছে। গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের মাত্র ৮০ জন প্রার্থী জয়লাভ করেছেন। তাঁদের মধ্যে একজন মদন মিত্র। তিনি কামারহাটি কেন্দ্র থেকে জয়লাভ করেন। দলের এই কঠিন সময়ে সর্বদা পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। আর দলের এই দুঃসময়ে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল মদন মিত্রকে। যে মদন মিত্রকে বেশিরভাগ সময়ই রঙিন মেজাজে দেখা যায়, তিনি হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কামারহাটির বাসিন্দা এবং তাঁর অনুগামীরা।


প্রসঙ্গত, ইউটিআই হল মূত্রতন্ত্রের যেকোনও অংশে ব্যাকটেরিয়ার সংক্রমণ। এই রোগ হলে প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাবের বেগ এবং তলপেটে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। মহিলাদের মধ্যে যদিও এই রোগের প্রবণতা বেশি, তবে পুরুষরাও আক্রান্ত হতে পারেন এই রোগে।

No comments:

Post a Comment

Post Top Ad