ন্যাশনাল ডেস্ক, ২০ মে ২০২৬: তামিলনাড়ুর রাজনীতিতে একের পর এক ট্যুইস্ট। মুখ্যমন্ত্রী বিজয়ের সরকারকে ঘিরে তামিলনাড়ুর রাজনীতিতে এবারে নতুন বিতর্ক। গত ১৩ই মে বিধানসভায় আস্থা ভোটের সময় বিধায়ক কেনাবেচা এবং গণতান্ত্রিক মূল্যবোধ লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (পিআইএল)। এতে পুরো বিষয়টির সিবিআই তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবীয়জানানো হয়েছে।
মাদুরাইয়ের বাসিন্দা কে. কে. রমেশ এই বিষয়ে আবেদন করেছেন। আবেদনকারীর অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর সরকার গঠনের সময় টিভিকে দল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে বিধায়ক কেনাবেচার আশ্রয় নিয়েছিল। আবেদনে বলা হয়েছে যে, টিভিকে দলের নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা ছিল না, তবুও তারা সরকার গঠনের জন্য অন্যান্য বিধায়কদের সমর্থন জোগাড় করেছিল।
সুপ্রিম কোর্টে দায়ের করা এই আবেদনে কেন্দ্রীয় সরকার, সিবিআই এবং তামিলনাড়ু সরকারকে পক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাকারী দাবী করেছেন, ফ্লোর টেস্ট চলাকালীন সংঘটিত দুর্নীতির ও অনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের তদন্তের জন্য একটি স্বাধীন সংস্থাকে নির্দেশ দিতে।
আরও দাবী করা হয়েছে যে, আস্থা ভোটের সময় গণতান্ত্রিক ঐতিহ্য এবং সাংবিধানিক মূল্যবোধ লঙ্ঘন করা হয়েছে। এতে আরও অভিযোগ করা হয়েছে, ক্ষমতা দখলের জন্য বিধায়কদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল এবং রাজনৈতিক দর কষাকষি করা হয়েছিল।
একটি সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসন জারির জন্য আবেদনকারী সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের দল, টিভিকে, বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। তবে, দলটি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পরবর্তীকালে, কংগ্রেস-সহ অন্যান্য কিছু দল ও বিধায়কদের সমর্থনে বিজয় সরকার গঠন করেন এবং থালাপতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
১৩ই মে, বিজয় সরকার বিধানসভায় আস্থা ভোট উপস্থাপন করে, যেখানে তাঁরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে, বিরোধী মহল এবং কিছু সামাজিক সংগঠন এখন এই পুরো ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলছে। আবেদনে বলা হয়েছে যে, যদি বিধায়ক কেনাবেচার অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়, তবে তা গণতন্ত্রের চেতনা এবং সংবিধানের পরিপন্থী হবে। সুতরাং, পুরো বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আবেদনকারী, নিজেকে তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা ও ভোটার হিসেবে পরিচয় দেন। তিনি অভিযোগ করেছেন যে, তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। আইনজীবী নরেন্দ্র কুমার ভার্মার দায়ের করা এই আবেদনের ওপর সুপ্রিম কোর্ট কী রায় দেয়, এখন সেদিকেই সবার নজর।

No comments:
Post a Comment