কলকাতা: ফলতা পুনর্নির্বাচন মাত্র দু'দিন আগে হঠাৎ নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান। আর জাহাঙ্গীরের আচমকা এই সিদ্ধান্তে তীব্র কটাক্ষের সুর শোনা গেল তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গলায়। তিনি বলেন, 'পুষ্পা, সে তো ঝুঁকেগা নেহি! পুষ্পা ভয় পাবে কেন?'
ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত এই জাহাঙ্গীর খান। এমনকি অভিষেককে নকল করে প্যান্ট জামাও পরেন এই জাহাঙ্গীর। আর এমন অভিষেক-ভক্তের আচমকাই ভোটের ময়দান থেকে সরে আসার বিষয়ে কুণাল ঘোষ বলেন, "পুষ্পা, সে তো ঝুঁকেগা নেহি। তাহলে পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা সেটা একটা প্রশ্ন। বিজেপি, নির্বাচন কমিশন, ইডি, সব মিলিয়ে কোনও ভয়ের পরিবেশ ফলতায় তৈরি করা হয়নি তো? আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে, তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আরেকটা প্রশ্ন।'
তিনি আরও বলেন, 'এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত। ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার-বিশ্লেষণ করছেন। ও ব্যাপারটা উনি বলতে পারবেন।'
ফলতায় প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যাননি, এই প্রশ্নের উত্তরে কুণালের বক্তব্য, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ফলতায় যাননি। এটা হয়তো দলের স্ট্র্যাটেজি। পার্টির কর্মীরা চেয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতায় যান। কিন্তু উনি যাননি। কেন যাননি, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বলতে পারবেন।'
উল্লেখ্য, নিজেকে 'পুষ্পা' বলা জাহাঙ্গীর মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, তিনি নির্বাচনের লড়াই থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন। তাঁর কথায়, 'আমি চাইব, ফলতা শান্তিতে থাকুক, ভালো থাকুক।' তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ দিচ্ছেন। সেজন্য ২১ মে পুননির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল।' ২৯ এপ্রিল বা এর আগে জাহাঙ্গীরের চোখেমুখে, আচরণে যে দাপট দেখা গিয়েছিল, আজ তাঁর গলায় যেন একেবারে মধু ঝরছিল।
আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন হবে। ২৯ এপ্রিল ফলতায় ব্যাপক হারে রিগিং ধরা পড়ায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। অভিযোগ ওঠে, ফলতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের নির্দেশে ও পরিচালনায় রিগিং, ইভিএম কারচুপি ইত্যাদি হয়েছিল। ফলতা বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে।

No comments:
Post a Comment