উত্তরে প্রবল বৃষ্টি, দক্ষিণে কী খেলা দেখাবে আবহাওয়া? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 14, 2026

উত্তরে প্রবল বৃষ্টি, দক্ষিণে কী খেলা দেখাবে আবহাওয়া?


কলকাতা: কয়েকদিনের ঝড়বৃষ্টির পর আবার গরমের থাবা। এতে করে নাজেহাল সাধারণ মানুষ। তবে এমন পরিস্থিতিতেও সুখবর নেই দক্ষিণবঙ্গবাসীর জন্য বরং উত্তরবঙ্গের মানুষদের জন্য রয়েছে সতর্ক-বার্তা। সেখানকার জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। 


দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ, বৃহস্পতিবার। এদিন বীরভূম ও মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। ১৯ মে পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। নতুন করে আর কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।


আজ কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এমন পরিস্থিতি চলতে পারে আরও কিছুদিন। তবে এই কয়েকটা দিন কলকাতায় ভারী বৃষ্টি হবে না। 


হাওয়া অফিস জানিয়েছে, একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত। এটি পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং দক্ষিণ অসমের উপর দিয়ে গিয়েছে। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি। 


অন্যদিকে দক্ষিণ পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর যেই নিম্নচাপটি ছিল, সেটা বুধবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতায় তৈরি হয়েছে। তাতেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে। সেই কারণে ঝড়বৃষ্টি হতে পারে। তবে, নিম্নচাপের কোনও সরাসরি প্রভাব বাংলায় পড়বে না।


হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই সব জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

No comments:

Post a Comment

Post Top Ad