কলকাতা: গত বুধবার থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। ভিজেছিল তিলোত্তমা-সহ দক্ষিণে অন্যান্য জেলাও। উত্তরবঙ্গতেও টানা বৃষ্টি চলছে কয়েকদিন। এর জেরে তাপমাত্রাও নেমেছে কিছুটা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ৭ মে পর্যন্ত বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস নেমে যায়। বৃহস্পতিবার শহরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢোকার ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গজুড়ে বজ্রপাত-সহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।
শুক্রবারও শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলোর মধ্যে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া রয়েছে। এছাড়াও নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে।
সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির জোরালো সম্ভাবনার রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান-সহ বেশ কিছু জেলায় প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার ঝড়বৃষ্টির একই পরিস্থিতি বজায় থাকবে। বুধবার বৃষ্টি কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে বজ্রপাত-সহ ঝড় হতে পারে।
অপরদিকে ৪ মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।

No comments:
Post a Comment