কলকাতা: বৈশাখের শেষ হতে চললেও বৃষ্টির শেষ নেই। আজও বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তর থেকে দক্ষিণে বইবে ঝড়ো হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ঝড়ের দাপট বেশি হতে পারে। ওই জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বিহারে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড হয়ে বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। ফলে দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
অপরদিকে, উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বলেই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও মালদহ ও দুই দিনাজপুরেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। তবে রবিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ রাজ্যে নতুন ইতিহাস রচনা হতে চলেছে। ব্রিগেডে শপথ নেবেন বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী হচ্ছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। শপথ গ্ৰহণ অনুষ্ঠান ঘিরে শহরজুড়ে সাজো সাজো রব। উৎসবের আমেজে মেতে উঠেছেন সবাই। শপথ গ্ৰহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যান্য রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী। শহরে আঁটোসাঁটো নিরাপত্তা। কিন্তু এই উৎসবের আনন্দে বৃষ্টি জল ঢেলে দেবে না তো! সেটা একটু হলেও ভাবাচ্ছে।

No comments:
Post a Comment