কলকাতা: রাজ্যের স্কুলগুলিতে বাড়ানো হল গরমের ছুটি। আগে এই শনিবার পর্যন্ত ছুটি থাকার কথা ছিল। সেই ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বৈঠকে শিক্ষা সচিবকে-এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে স্কুল খোলার কথা।
বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা দফতর জানিয়েছে, ১১ মে থেকে গরমের ছুটি ৩১ মে পর্যন্ত হবে। স্কুল খুলবে ১ জুন। আগের সরকার স্কুলের গরমের ছুটি দিয়েছিল ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত। ১৩ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, রাজ্যের সব স্কুলে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি থাকবে। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সব স্কুলে (পাহাড়ি এলাকা বাদে) বর্ধিত গরমের ছুটি বলবৎ থাকবে। ১১ মে থেকে শুরু হয়েছিল গরমের ছুটি, সেটা এ বার ৩১ মে পর্যন্ত থাকবে। তারপরে ১ জুন থেকে স্কুলগুলি খুলবে।
আপাতত গরম কমার কোনও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। এই পরিস্থিতিতে স্কুল খোলা যাচ্ছে না। বুধবার ৪১টি দফতরের আধিকারিক এবং ৫ মন্ত্রী এবং ১৫ বিধায়কদের নিয়ে বৈঠক ছিল নবান্নে। সেখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গরমের ছুটি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আগের সরকারের ছুটির তালিকায় মাত্র ৬ দিন দেওয়া হয়েছিল গরমের ছুটি। এত কম ছুটি দেখে খানিকটা মুখভার হয়েছিল শিক্ষক মহলের একাংশের। তবে, প্রচণ্ড গরমের কথা মাথায় রেখেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।

No comments:
Post a Comment