কলকাতা: রাজ্য জুড়ে বাড়ছে গরমের দাপট। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর্দ্রতা ও ঘন ঘন ঘাম ঝরানো আবহাওয়া বিপর্যস্ত করে তুলেছে মানুষকে। সকাল থেকেই রোদের তেজ যা দুপুরের দিকে আরও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে যোগ হয়েছে চরম অস্বস্তি। হাওয়া অফিসও এই মুহূর্তে খুব একটা খুশির খবর শোনাতে পারছে না।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও তা স্বস্তি কমাতে যথেষ্ট নয়। কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বর্ধমান ও মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে গরম ও ঘাম ঝরানো পরিস্থিতি অব্যাহত থাকবে বলেই ইঙ্গিত হাওয়া অফিসের।
তবে, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনায় বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। সেইসাথে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা- মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা খুবই সামান্য।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও প্রায় সব জেলাতেই কোথাও কোথাও বজ্রপাত-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প ও স্থানীয় বায়ুচাপের তারতম্যের কারণেই রাজ্যের দুই প্রান্তে এই বিপরীত আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এন্ট্রি নেওয়ার সময় এখনও আসেনি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে।

No comments:
Post a Comment