কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে গ্রেফতার তিনজন। বিহারের বক্সার এবং উত্তর প্রদেশ থেকে এই তিনজনকে গ্ৰেফতার করা হয়েছে। তিনজন অভিযুক্তকেই হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চন্দ্রনাথের হত্যাকাণ্ডে এই তিনজনের ভূমিকা যাচাই করা হচ্ছে। চন্দ্রনাথ খুনের তদন্তে সিট গঠন করা হয়েছিল। রবিবার রাতে বিশেষ অভিযানে তারাই তিন সন্দেহজনককে গ্ৰেফতার করে। ধৃতদের কলকাতা নিয়ে আসা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে একজন একটি টোল প্লাজায় অনলাইনে অর্থ প্রদান করেন, যার পরে পুলিশ তাদের সম্পর্কে তথ্য পায়। পুলিশ শীঘ্রই এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করবে। বর্তমানে, অভিযুক্তদের কাছ থেকে সম্পূর্ণ তথ্য ও উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার তোদের আদালতে পেশ করা হবে।
জানা গিয়েছে, খুনে ব্যবহৃত গাড়ির ফাস্টট্যাগ পেমেন্ট থেকে একটি ইউপিআই লিঙ্কের হদিশ পায় পুলিশ। ইউপিআই লিঙ্কের সূত্র ধরেই ঝাড়খণ্ডের একজনকে চিহ্নিত করা হয়। পুলিশ সূত্রে দাবী, খুনে ব্যবহৃত গাড়িটি বালি টোলপ্লাজা হয়ে এলাকায় ঢুকেছিল। টোল প্লাজার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে গাড়িটি চিহ্নিত করা হয়। টোল প্লাজায় টোল বাবদ পেমেন্টের সূত্র ধরেই অনলাইন পেমেন্ট মোড যার অ্যাকাউন্ট থেকে হয়েছে, তাকে চিহ্নিত করা হয়েছে।
মধ্যমগ্রামে গত ৬ মে রাতে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়। চন্দ্রনাথের গাড়ির সামনে অন্য একটি চারচাকার গাড়ি চলে এসেছিল। তার ফলে চন্দ্রনাথের গাড়ি দাঁড়িয়ে যায়। সেই সময় বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। চন্দ্রনাথ এবং তাঁর গাড়ির চালককে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। তাঁর গাড়ির চালক এখনও হাসপাতালে।

No comments:
Post a Comment