'প্রধানমন্ত্রী ইতালিতে টফি বিতরণ করছেন', মোদী-মেলোনির 'মেলোডি' মুহূর্ত নিয়ে খোঁচা রাহুলের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 20, 2026

'প্রধানমন্ত্রী ইতালিতে টফি বিতরণ করছেন', মোদী-মেলোনির 'মেলোডি' মুহূর্ত নিয়ে খোঁচা রাহুলের

 


ন্যাশনাল ডেস্ক, ২০ মে ২০২৬: ইতালি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আন্তর্জাতিক কূটনীতির গম্ভীর আবহের মাঝেই তৈরি হল এক হালকা-মজার মুহূর্ত। বলা ভালো 'মেলোডি' মুহূর্ত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে ভারতের জনপ্রিয় 'মেলোডি' টফি উপহার হিসেবে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই উপহার পেয়েই হেসেই ফেললেন দুই দেশের প্রধানমন্ত্রী। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিজে সেই ভিডিও সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আর নিমেষেই সেই মিষ্টি মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মেলোনি সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদও জানিয়েছেন। এদিকে এই নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীর বক্তব্য, 'প্রধানমন্ত্রীর ইতালিতে এই টফি বিতরণ নেতৃত্ব নয়, নাটক।'


সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ রাহুল গান্ধী লিখেছেন, "আর্থিক ঝড় মাথায় রয়েছে আর আমাদের প্রধানমন্ত্রী ইতালিতে টফি বিতরণ করছেন!" তিনি আরও লেখেন, "কৃষক, যুব, মহিলা, শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা সব কাঁদছেন – প্রধানমন্ত্রী হেসে রিল বানাচ্ছেন, আর বিজেপির লোকেরা তালি বাজাচ্ছেন। এটা নেতৃত্ব নয়, নাটক।"



আমেঠি থেকেও প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। মেলোডি ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, "দেশের যুবসমাজ হতাশ, নিট পরীক্ষা বাতিল করা হয়েছে, পেট্রোলের দাম বাড়ছে এবং গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। তবুও, প্রধানমন্ত্রী মেলোডি খাওয়ায় ব্যস্ত। এটাই এই দেশের আসল অবস্থা।"


উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ইতালি সফরে রয়েছেন, যেখানে তিনি জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করেছেন। সেখানে প্রধানমন্ত্রী মোদী মেলোনিকে এক প্যাকেট মেলোডি টফি উপহার দেন। ইতালীর প্রধানমন্ত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উপহারের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং আলোচনার বিষয় হয়ে ওঠে। বেশ কয়েকজন কংগ্রেস নেতা ভিডিওটি ব্যবহার করে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন। অন্যদিকে, রাহুল গান্ধী এটিকে একটি নাটক বলে অভিহিত করেছেন।



প্রসঙ্গত, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীকে উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি পোস্ট করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিজেই। সেখানে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদী ও মেলোনি -দু'জনেই হাতেই ধরে রেখেছেন 'মেলোডি' টফির একটি প্যাকেট। ভিডিওতে মেলোনিকে বেশ মজার ছলে বলতে শোনা যায়, “প্রধানমন্ত্রী মোদী উপহার হিসেবে খুব, খুব ভালো একটা টফি এনেছেন- মেলোডি।” এরপরই দু'জনে একসঙ্গে হেসে ওঠেন। ভিডিওটি সামনে আসতেই নতুন করে চর্চায় উঠে এসেছে 'মেলোডি' শব্দটি। আসলে সমাজমাধ্যমে মোদী ও মেলোনির নাম মিলিয়ে 'Melodi' হ্যাশট্যাগ দিয়ে দীর্ঘদিন ধরেই নানা পোস্ট ও মিম তৈরি হয়। আন্তর্জাতিক যেকোনও সম্মেলনে তাঁদের রসায়ন বারবার নজর কেড়েছে নেটিজেনদের। আর এবারে দুই দেশের প্রধানরা সেই মিম-সংস্কৃতিকেই যেন একধাপ এগিয়ে দিলেন।


আমাদের দেশে জনপ্রিয় এই মেলোডি টফিটি বাজারে আসে ১৯৮৩ সালে। বাইরের দিকে চিবোনো ক্যারামেল আর ভিতরে চকোলেটের পুর- এই স্বাদের জন্য দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে 'মেলোডি'। এর সঙ্গে জড়িয়ে রয়েছে খুব প্রিয় এক সংলাপ; “মেলোডি এত চকোলেটি কেন?” আর এর উত্তর ছিল, “মেলোডি খাও, ক্ষুদ জান যাও।” আর এদিনের এই ভিডিও যেন নতুন করে মনে করিয়ে দিল মেলোডির সেই স্বাদ।

No comments:

Post a Comment

Post Top Ad