পূর্ব মেদিনীপুর: 'এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প আছেন', গণনার আগেই বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা তথা প্রার্থী দিলীপ ঘোষের। পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় বিজেপির নির্বাচনের কর্মশালায় যোগ দিতে এসে রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
এদিন সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "যারা জনতার আদালতে হেরে গেছে তাঁরা আর ওই আদালতে জিততে পারবে না। তাই হাইকোর্টে হেরেছে, সুপ্রিম কোর্টে হারল।" উল্লেখ্য, ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল তৃণমূল। কিন্তু শনিবার শুনানিতে তৃণমূলের সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সেই নিয়েই তৃণমূলকে বিঁধলেল দিলীপ।
তিনি বলেন, "উল্টোপাল্টা দাবী দিয়ে খালি মিডিয়া গরম করা আর কর্মীদের মনোবল বাড়ানোর জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্ট এতে সায় দেবে না। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন সংস্কৃতি সম্পর্কে সবাই জানেন। সব জায়গায় চুরি হয়, রিগিং হয়। তাই নির্বাচন কমিশন জনগণের অভিযোগের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছেন। তার বিরুদ্ধে আদালত যাবে না।
দিলীপ ঘোষের দাবী, প্রথম দফায় ভোটের পর তৃণমূল বুঝে গিয়েছিল তারা হারছে। তাই দ্বিতীয় দফায় অশান্তি তৈরি করা হয়েছে। তাঁর অভিযোগ গণনার দিনেও একই ধরণের গোলমালের চেষ্টা হতে পারে। পাশাপাশি নাম না নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, "গণনার দিন কিছু গণ্ডগোল করতে পারে। কারণ এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প আছেন। তিনি পরাজয় মানবেন না। দরকার হলে বোম মেরে উড়িয়ে দেবেন। গণ্ডগোল করে দেবেন, কাউন্টিং বন্ধ করে দেবেন।" রাজ্যের শাসক দলকে সরাসরি নিশানা করে তিনি আরও বলেন, "সেটাও করতে পারে তৃণমূল। হার মেনে নেওয়া খুব মুশকিল। যারা খুব স্বৈরাচারী হয় তাঁরা হার মেনে নিতে পারে না।"
উল্লেখ্য, রাজ্যে ভোট মিটেছে। এবার সকলের চোখ গণনার দিকে। গণনায় যাতে কোনও রকমের কারচুপি না হয়, তার জন্য মেদিনীপুর জোনের( পূর্ব/পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম) বিজেপির ৩৫ টি আসনের প্রার্থী-সহ রাজ্য ও জেলা নেতৃত্বদের নিয়ে শনিবার নির্বাচন কর্মশালা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায়।
আগামী ৪ঠা মে রাজ্যে ভোটের ফলাফল ঘোষণা, খুলবে কার ভাগ্যের তালা জানান দেবে ইভিএম। তার আগে পূর্ব মেদিনীপুরে বিজেপির এই নির্বাচনী কর্মশালা। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ-সহ মেদিনীপুর জোনের বিজেপির ৩৫ টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সহ বিজেপির একাধিক কার্যকর্তারা।

No comments:
Post a Comment