নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পা বাঁধা অবস্থায় মাছ বাজারে পড়ে রয়েছে যুবকের দেহ। সকাল হতেই ঘটনা ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের। ঘটনাস্থলে পুলিশ। বুধবার সকালে পানাগড় মাছ বাজারে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। বাজারের মধ্যে পা বাঁধা অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম গোপাল রায়, বয়স ৪০ বছর। তিনি কাঁকসার ক্যানেলপাড় এলাকার বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিল। খুনের অভিযোগ তুলেছে পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে প্রতিদিনের মতো পানাগড় মাছ বাজারে ব্যবসায়ী ও ক্রেতারা আসেন। সেই সময়ই বাজার চত্বরে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখতে পান তাঁরা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর হাসপাতালে পাঠায়। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের বৌদি পূজা রায় বলেন, “আমার দেওর মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল। সকালে খবর পাই, দেওরকে কেউ মেরে দিয়েছে। এসে দেখি পায়ে দড়ি বাঁধা রয়েছে। কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের শাস্তি চাই।” ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধারের ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে পুরো ঘটনার।

No comments:
Post a Comment