নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: দাদুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলখুঁচি ব্লকের পূর্ব শীতলখুঁচির রথের ডাঙ্গা বোনচুকি পাড়া এলাকায়। মৃত দুই ভাইয়ের নাম আশাদুল মিঞা বয়স ১৩ বছর ও এক বছর বয়সী হাসানুর মিঞা। তাঁদের বাড়ি দিল্লীর গাজিয়াবাদে। বাবা ঐদুল মিঞা দিল্লীতে গাড়ি চালায়। মা হাসিনা বিবির সঙ্গে তারা কয়েকদিন আগেই দাদু মজিবর মিঞার বাড়ি পূর্ব শীতলখুঁচি বোনচুকি পাড়া রথের ডাঙ্গায় বেড়াতে এসেছিল।
শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল দুই ভাই। পরিবারের দাবী, খেলতে খেলতে স্নান করতে নামে দুই ভাই এবং অসাবধানতাবশত পুকুরের জলে তলিয়ে যায় তারা। অনেকক্ষণ দু’জনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে শীতলখুঁচি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় গোটা বোনচুকি পাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দাদুর বাড়িতে কালকেই ছুটিতে আসা দুই নাতির এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন মা হাসিনা বিবি ও দাদু মজিবর মিঞা।
স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটির চারপাশে কোনও বাঁধ বা রেলিং নেই। বর্ষার আগে থেকেই এলাকার শিশুদের জন্য এটি বিপজ্জনক হয়ে উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলখুঁচি থানার পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
গ্রামবাসীদের পক্ষ থেকে পুকুরের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরির দাবী তোলা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।

No comments:
Post a Comment