ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 7, 2026

ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা?

 


কলকাতা: ভোট গণনার দিন থেকেই রাজ্যে আবহাওয়ার বদল হয়েছে। ঝড়-বৃষ্টি চলছে প্রায় প্রতিদিনই। এতে করে প্রচণ্ড গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। আগামী কয়েকদিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, বিকেল এবং সন্ধ্যার দিকেই হতে পারে বৃষ্টিপাত। সঙ্গে ঝড়ের সম্ভাবনাও থাকছে। যার ফলে কিছুটা হলেও কমবে অস্বস্তি।


আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলী এবং হাওড়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহরেও। কলকাতায় যদিও সকালে রোদ উঠেছে, তবে বিকেলের পর হালকা বৃষ্টি হলেও হতে পারে।


হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামিকালও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝড়। তার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘন্টা। মূলত, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড় এবং বৃষ্টির দাপট থাকবে বেশি। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।


অন্যদিকে আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিশেষত, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরকে আজ দুর্যোগ সইতে হতে পারে। শুক্রবার আবার হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি ৯ মে-ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।

No comments:

Post a Comment

Post Top Ad