মুর্শিদাবাদে পুলিশের জালে বাংলাদেশী পরিবার! গ্রেফতার ৫, পাঠানো হল হোল্ডিং সেন্টারে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, June 7, 2026

মুর্শিদাবাদে পুলিশের জালে বাংলাদেশী পরিবার! গ্রেফতার ৫, পাঠানো হল হোল্ডিং সেন্টারে


নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া রাজ্য সরকার। জেলায় জেলায় চলছে অভিযান এবং দিকে দিকে ধরাও পড়েছেন অনেকে। এই আবহেই মুর্শিদাবাদ জেলায় পুলিশি অভিযানে আবারও ধরা পড়ল অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশী পরিবার। একই পরিবারের মোট পাঁচজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার ধুমারপাহাড় এলাকায়। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন উজির আলী (৪৩), তাঁর স্ত্রী জাইনুর খাতুন (৩৬) এবং তাঁদের তিন নাবালক ছেলে; শিহাদ শেখ (১৫), ইনজামুল হক (১০) ও আব্দুল সামাদ শেখ (৪)। ধৃতদের আসল বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়।


তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় ১৩ বছর আগে উজির আলি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে। এরপর তিনি মুর্শিদাবাদের সাগরদিঘি থানার ধুমারপাহাড় এলাকায় পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ধৃত উজির আলী মূলত প্রথমে দক্ষিণ ভারতে রাজমিস্ত্রির কাজ করতেন। সেই উপার্জনের টাকা দিয়ে ধুমারপাহাড় এলাকায় ১৫ শতক জমি কিনে একটি বাড়িও তৈরি করেন তিনি। শুধু তাই নয়, জাল নথির মাধ্যমে ভারতীয় ভোটার কার্ড এবং আধার কার্ডও বানিয়ে ফেলেছিলেন এই বাংলাদেশী নাগরিক।


ধৃত উজির আলীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পেরেছে, সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে তিনি তাঁর স্ত্রী ও বড় ছেলেকে সঙ্গে নিয়ে ভারতে এসেছিলেন। এরপর তিনি এদেশে বসবাসকালে তাঁর আরও দুটি সন্তানের জন্ম হয়। ধৃতদের মধ্যে বড় ছেলে অষ্টম শ্রেণিতে এবং মেজো ছেলে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত। শনিবার ধৃত বাংলাদেশী পরিবারের সমস্ত সদস্যকে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে পুলিশ। এই চক্রের পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad