কলকাতা: গ্ৰেফতার কলকাতা পুরসভার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর-সহ আরও বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ। আজ শনিবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন করা হতে পারে। তদন্তের স্বার্থে তাঁকে জেরা করা হবে বলেও জানা গিয়েছে।
ধৃতের নাম তারকেশ্বর চক্রবর্তী। তিনি কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এর পাশাপাশি কলকাতা পুরসভার বরো ১১-এর চেয়ারম্যানও ছিলেন তিনি। তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকাকালীন তিনি এলাকায় ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন বলে অভিযোগ। শ্লীলতাহানির চেষ্টা, মারধর, জোর করে আটকে রাখা, ভয় দেখানো, তোলাবাজি-সহ ভেরি দখলের অভিযোগ রয়েছে তারকেশ্বরের বিরুদ্ধে। এই নিয়ে সার্ভে পার্ক থানায় প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তের পর শুক্রবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেফতার করে।
অভিযোগ, তোলাবাজি ও ভেরি দখল করে মোটা টাকা আত্মসাৎ করেছেন কাউন্সিলর ও তাঁর দলবল। ষড়যন্ত্র করে পূর্ব পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত প্রাক্তন কাউন্সিলরের সম্পত্তির ওপরও নজরদারি চলছে। কোথাও কোনও বেআইনি সম্পত্তি রয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।
এই ঘটনায় বিজেপি সাংসদ রাহুল সিনহার বক্তব্য, তৃণমূল কংগ্রেসে চোর ছাড়া একটাও লোক নেই। এখানে চুরি বিদ্যা শেখানো হয়। চুরির ভাগ দেওয়ার জন্য লাগামছাড়া দুর্নীতি হয়েছে। দুর্নীতি করলেই সাত খুন মাফ হয়েছে। এটাই তৃণমূলের নীতি। আরও অনেক দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা জেলে যাবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর কলকাতা পুরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গ্ৰেফতারের সংখ্যা আরও বাড়ল। গত কয়েকদিনে বিভিন্ন অভিযোগে একাধিক কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ ও তদন্তকারী সংস্থা। এর আগে গ্রেফতার হয়েছেন ৬৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য, ৫৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দার, ১০১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, ১১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল, ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহেশকুমার শর্মা, ১০৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর, ৩৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শচীন সিং এবং ১২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুদীপ পোল্লে। এবার সেই তালিকায় যুক্ত হলেন তারকেশ্বর চক্রবর্তীও।

No comments:
Post a Comment