শিলিগুড়ি: মেয়র পদ থেকে ইস্তফা গৌতম দেবের। শিলিগুড়ি পুরসভার মেয়র পদ ছাড়লেন গৌতম। আজ, শুক্রবার পুর কমিশনারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। এতে করে কলকাতা, বিধাননগরের পর শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হতে চলেছে তৃণমূলের।শিলিগুড়ি হাতছাড়া হলে উত্তরে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে জোড়াফুল। সূত্রের খবর, শুধুই মেয়রের পদে ইস্তফা নয়, নিরাপত্তারক্ষী-গাড়িও ছেড়ে দিয়েছেন গৌতম দেব। এই ইস্তফা দেওয়ার প্রকৃত কারণ যদিও জানাননি তিনি। তবে সূত্রে খবর, ঠিকভাবে কাজ না করতে পারাই এই পদত্যাগের কারণ।
বুধবারেই গৌতম দেবকে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির (সমতল) চেয়ারম্যান পদে নিয়োগ করে দল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সংগঠনে আরও বেশি করে নজর দিন তিনি। কিন্তু এর মধ্যে তাঁর আচমকাই মেয়র পদে ইস্তফায় নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার পুরনিগমের মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করেন গৌতম। জানা গিয়েছে, সেখানেই তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন। যদিও তা নিয়ে মতভেদ দেখা দেয় মেয়র পারিষদদের মধ্যে। কার্যত দু'ভাগে ভাগ হয়ে যান মেয়র পারিষদরা। সাধারণত শিলিগুড়ি পুরবোর্ডের মেয়াদ আরও এক বছরেরও বেশি বাকি রয়েছে। তাই অনেক মেয়র পারিষদই ইস্তফা দিতে চাইছিলেন না। তবে, গৌতম দেব তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন এবং শুক্রবারই তিনি ইস্তফা দেন। নতুন করে পুরবোর্ড গঠনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলত শিলিগুড়িও হাতছাড়া হতে চলেছে প্রাক্তন শাসক দলের।
উল্লেখ্য, ২০১১ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব পান গৌতম দেব। ২০১৬ সালে পর্যটনমন্ত্রী হন। কিন্তু ২০২১ সালের নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি আসন থেকে হেরে যান তিনি। এরপর ২০২২ সালে শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে তাঁর নেতৃত্বে জয় পায় তৃণমূল। কিন্তু ২০২৬ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়ে বিজেপির শঙ্কর ঘোষের কাছে পরাজিত হন তিনি।

No comments:
Post a Comment