উত্তর ২৪ পরগনা: জোড়া ফুল শিবিরে একের পর এক ধাক্কা। এবারে দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে ইস্তফা বালুর। এমনকি দলও ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে মেইল করেছেন, চিঠিও লিখছেন তিনি। ছাব্বিশের নির্বাচনে তাঁকে প্রার্থী করেছিল দল। নির্বাচনী প্রচারে এসে তাঁকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তৃণমূলের এই দুঃসময় মমতার হাত ছাড়লেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিক।
পদের সঙ্গে সঙ্গে দলও ছাড়ছেন বালু, এমনটাই জানান প্রাক্তন খাদ্যমন্ত্রী। দল ছাড়া প্রসঙ্গে সংবাদমাধ্যমে তিনি বলেন, 'সব তো ছেড়েই দিলাম, তাহলে আর কী থাকল!' প্রাক্তন খাদ্যমন্ত্রী জানান, তাঁর শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়। সুগার অনেক বেশি। দুটো কিডনি প্রায় নষ্ট। বাড়ি থেকে বেরোতেও পারছেন না। ফলত এই অবস্থায় পদ আঁকড়ে থেকে কী লাভ!
উল্লেখ্য, ১৯৯৮ সালে তৃণমূলের প্রতিষ্ঠা থেকেই দলের সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সঙ্গী ছিলেন তিনি। তাঁকে ভরসা করেছেন নেত্রীও। একাধিকবার টিকিট দিয়েছেন। বিধায়ক-মন্ত্রিত্ব সবই পেয়েছেন। পরবর্তীতে রেশন দুর্নীতি মামলায় জেলযাত্রা হওয়ার পরও সেই ভরসা ভাঙেনি। ছাব্বিশের নির্বাচনী প্রচারের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "বালুকে ফাঁসানো হয়েছে। আমার মন্ত্রিসভায় বালু সবথেকে ভালো কাজ করেছে।”
কিন্তু এবারের নির্বাচনে জিততে পারেননি জ্যোতিপ্রিয়। তারপর থেকে সেভাবে আর প্রকাশ্যে দেখাও যায়নি তাঁকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা ছিল, এই দুর্দিনে বালু সঙ্গ ছাড়বেন না। গত শনিবারই বালুকে দলের জাতীয় কর্ম সমিতির সদস্য করেন নেত্রী। কিন্তু মমতার আস্থাভাজন সেই বালু-ই আজ দলের দুঃসময়ে সরে দাঁড়ালেন।
পদত্যাগের কারণ হিসেবে প্রাক্তন খাদ্যমন্ত্রী বলেন, আমার শারীরিক অবস্থা একদম না। ৩৫০-এর ওপর সুগার, দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছে। ঘর থেকেও বেরোতে পারি না। তাই এই অবস্থায় দলের কোনও কাজকর্মে আমি এখন যুক্ত থাকতে পারছি না। এই অবস্থায় পদ আঁকড়ে কী লাভ! তাই সব ছেড়ে দিলাম।” দলও কি ছাড়ছেন? জবাবে জ্যোতিপ্রিয় বলেন, 'সবই তো ছেড়ে দিলাম, তাহলে আর কী থাকল!'
এবারের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের সঙ্গীরা একে একে মুখ ফিরিয়ে নিচ্ছেন তাঁর থেকে। হাতে গোনা কয়েকজনকে সম্প্রতি দলনেত্রীর পাশে দেখা যাচ্ছিল। এমতাবস্থায় মমতার পাশ থেকে সরে দাঁড়ালেন বালু-ও।

No comments:
Post a Comment