কলকাতা: দলের অন্দরে চরম বিদ্রোহ। দিকে দিকে বাড়ছে বিদ্রোহীদের সংখ্যা। এই আবহেই বড়সড় পদক্ষেপ; ভেঙে দেওয়া হল তৃণমূলের সব কমিটি। বিধানসভা ভোটে হারের এক মাসের মধ্যেই চরম দুর্দশা তৃণমূলের। কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে এক্সে পোস্ট তৃণমূল কংগ্রেসের। নতুন তৃণমূলের তীব্র জল্পনার মাঝেই এই পদক্ষেপ।
বুধবার তৃণমূলের তরফে এক্স পোস্টে লেখা হয়, 'চিন্তা-ভাবনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি এবং এর সমস্ত সহযোগী সংগঠন ভেঙে দেওয়া হল। অর্থাৎ ছাত্র, যুব, মহিলা-সহ দলের যে নানা সংগঠন ছিল, সব ভেঙে দিল দল।' এই বার্তা দলীয় নেত্রীর কথায় আগেও পাওয়া গিয়েছিল, তিনি যখন বলেছিলেন, যাঁরা চলে যাবে এই দুঃসময়ে, তাঁরা চলে যাওয়ার পর, যাঁরা থাকবেন, তাঁদের নিয়েই ঘর গোছাবেন তিনি।
পোস্টে লেখা হয়েছে, 'দল প্রতিটি স্তরে একটি ব্যাপক আত্মসমীক্ষা, কর্মসম্পাদন পর্যালোচনা এবং সাংগঠনিক মূল্যায়ন করবে। এই পর্যালোচনার ফলাফলের ভিত্তিতে মূল সংগঠন এবং সমস্ত সহযোগী সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে যথাসময়ে তা ঘোষণা করা হবে।'
আরও জানানো হয়েছে, 'দল তার সংগঠনকে শক্তিশালী করতে এবং নতুন উদ্যম ও উদ্দেশ্য নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'
একদিকে যখন ঋতব্রতরা স্পিকারের কাছে ৫৮ বিধায়কের সই নিয়ে গিয়েছেন, নতুন তৃণমূলের সূচনা নিয়ে চর্চা জোরদার হয়েছে, সেই আবহেই তৃণমূলের তরফে এই পোস্ট। তাহলে কী ভাঙন, বিদ্রোহর মাঝেই নতুন করে সবকিছু শুরু করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো? এতে করে কি দুর্গ রক্ষা হবে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।


No comments:
Post a Comment