তৃণমূলের শহীদ দিবস পালনে কী কী নিয়ম মানতেই হবে, স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, June 27, 2026

তৃণমূলের শহীদ দিবস পালনে কী কী নিয়ম মানতেই হবে, স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

 


দুর্গাপুর: তৃণমূলের অন্যতম বাৎসরিক কর্মসূচি হল ২১ জুলাইয়ের শহীদ দিবস পালন। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, ৫ জন উপস্থিত হলেও ২১ জুলাই শহীদ দিবস পালন করবেন তিনি। ধর্মতলাতেই সেই শহীদ দিবস পালন হবে বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু, কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, রাস্তা পুরো আটকে সভা-মিছিল করা যাবে না। তাহলে বর্তমান রাজ্য সরকার কি তৃণমূলকে ধর্মতলায় শহীদ দিবস পালনের অনুমতি দেবে? এই নিয়ে এবার মুখ খুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। 


তৃণমূলের শহীদ দিবস পালন নিয়ে শুক্রবার দুর্গাপুরে মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, “কেউ তো বারণ করেনি। করতেই পারেন। কিন্তু, সরকারের নিয়ম মেনে করতে হবে। রাস্তা বন্ধ করে, জোরে লাউডস্পিকার চালিয়ে, মানুষকে বিরক্ত করে করা যাবে না। সবাই তো আপনার দলের নয়। যাঁরা আপনার দলকে সমর্থন করেন না, আপনি তাঁদের বিরক্ত করবেন কেন?”


এরপরই তিনি বলেন, “যে সরকারকে আপনারা ১৫ বছর দেখেছেন, আমরা ওই সরকার নই। সেই সময় বিধানসভার বিরোধী দলনেতাকে সবকিছুতে হাইকোর্টে ছুটতে হয়েছিল অনুমতির জন্য। আমরা সেই সরকার নই। আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম, কংগ্রেসের মুখ বন্ধ করে রাজনীতি করতে আসিনি। আমরা শক্তিশালী বিরোধী চাই।” 


অন্যদিকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ২১ শে জুলাই প্রসঙ্গে বলেন, “ওখানে প্রতি বছর শহীদ দিবস পালন হয়। এবার সরকার অনুমতি না দিলে কী পদক্ষেপ করা হবে, তা দলের নেতৃত্বই ঠিক করবেন। তবে যেহেতু ঘটনাটি ওখানে ঘটেছিল, তাই শহীদ দিবস ধর্মতলাতেই পালন হয়।”

No comments:

Post a Comment

Post Top Ad