অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে খোঁচা অগ্নিমিত্রার, মনে করালেন স্বাস্থ্যসাথীর কথা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, June 27, 2026

অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে খোঁচা অগ্নিমিত্রার, মনে করালেন স্বাস্থ্যসাথীর কথা


দুর্গাপুর: চোখের চিকিৎসা করাতে বিদেশ যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তীব্র কটাক্ষ করলেন মন্ত্রী অগ্নিমিত্রা। শুক্রবার দুর্গাপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অগ্নিমিত্রা পল। সেখানেই উঠে আসে অভিষেকের বিদেশ যাত্রা প্রসঙ্গ। তখনই তৃণমূল সাংসদকে কটাক্ষ করেন অগ্নিমিত্রা। পাশাপাশি তারাতলা বিপর্যয় নিয়েও প্রাক্তন রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। 


চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বিদেশ কেন যাবেন? আপনারা স্বাস্থ্যসাথী কার্ড করেছিলেন, আমরা আয়ুষ্মান ভারত করে দিয়েছি। পিজিতে ভালো ব্যবস্থা আছে। চোখ অপারেশন বলুন, মাথার যদি ব্যামো থাকে সেটা, ব্রেন অপারেশন, যে কোনও শারীরিক অপারেশন আমরা করে দেব।" তিনি বলেন, "অভিষেক বাবু আপনাকে বাইরে যেতে হবে না। আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর যেতে হবে না। আমরা এখানে ব্যবস্থা করে দেব। আয়ুষ্মান ভারত কার্ড আছে তো। খরচার জন্য চিন্তা করতে হবে না।"


উল্লেখ্য, চোখের চিকিৎসা করাতে বিদেশ যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই আবেদন নিয়েই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর তাঁর আবেদনের দ্রুত শুনানির জন্য বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত শুনানি হবে না। তালিকায় যত নম্বরে অভিষেকের মামলা রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে।


তারাতলা বিপর্যয়ে যেই জড়িয়ে থাকুক না কেন, রেহাই মিলবে না। এই হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিষয়টি নিয়ে সরব হয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পলও। তারাতলা বিপর্যয়ে কালীচরণের নাম উঠে এসেছে। তাঁকে ইতিমধ্যেই গ্ৰেফতার করা হয়েছে। কালীচরণের সঙ্গে ক্যামাকস্ট্রিটের যোগ প্রসঙ্গও উঠে এসেছে । এই নিয়ে অগ্নিমিত্রা বলেন, "ক্যামাকস্ট্রিটের বা সে যার যোগই থাকুক, তা সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, আইপ্যাকের মালিক হোক, পেটে দড়ি বেঁধে নিয়ে আসা উচিৎ।"


তিনি আরও বলেন, "যারা ১৫ বছর ধরে বলেছে মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে, সারা পশ্চিমবঙ্গের মানুষকে কথায় কথায় হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে। পকেটে হাত দিয়ে গাড়ির বনেটে দাঁড়িয়ে বলেছে, 'ডিজে বাজবে', ডিজে বাজা কাকে বলে এবার শুভেন্দু অধিকারীর সরকার দেখিয়ে দেবে।"


তারাতলায় ঘটে যাওয়া ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু মিছিল। মৃতের সংখ্যা ১৫ ছাড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্ৰেফতার করা হয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। প্রভাব খাটিয়ে বিতর্কিত ওই গোডাউনের বিল্ডিং প্ল্যান পাশ করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এই কালীচরণের বিরুদ্ধে।

No comments:

Post a Comment

Post Top Ad