'বিয়ের আগে শারীরিক সম্পর্ক চরিত্রে দাগ নয়', গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, June 8, 2026

'বিয়ের আগে শারীরিক সম্পর্ক চরিত্রে দাগ নয়', গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের


ন্যাশনাল ডেস্ক, ০৮ জুন ২০২৬: 'দুজন অবিবাহিত প্রাপ্তবয়স্কের মধ্যে পারস্পরিক সম্মতিতে হওয়া শারীরিক সম্পর্ক তাঁদের যেকোনও একজনের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার ভিত্তি হতে পারে না', সম্প্রতি এমনই মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীনভাবে বলেছে যে, তাদের এই সম্পর্ক কোনও ব্যক্তির চরিত্র সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির কারণ বা ভিত্তি হতে পারে না। বিচারপতি মনমোহন ও মনোজ মিশ্রের বেঞ্চ আরও বলেছে যে, সব সম্পর্কই পরিণয়ে গড়ায় না এবং শুধুমাত্র একটি সম্পর্ক পরিণয়ে গড়ায়নি বলেই এই সিদ্ধান্তে আসা যায় না যে, এক পক্ষ অন্য পক্ষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।


একটি ব্যর্থ প্রেমঘটিত ফৌজদারি মামলায় জড়িত থাকার কারণে পুলিশ কনস্টেবল পদে যার নির্বাচন বাতিল করা হয়েছিল, সেই প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য তেলেঙ্গানা রাজ্য পুলিশ নিয়োগ বোর্ডকে নির্দেশ দেওয়ার সময় বেঞ্চের এই পর্যবেক্ষণ। বেঞ্চ বলেছে, "দুজন অবিবাহিত প্রাপ্তবয়স্কের মধ্যে পারস্পরিক সম্মতিতে হওয়া শারীরিক সম্পর্ক সেই সম্পর্কে জড়িত ব্যক্তিদের চরিত্র সম্পর্কে বিরূপ ধারণা তৈরির ভিত্তি হতে পারে না এবং হওয়া উচিৎও নয়। এমন কোনও আইন নেই যা দুজন অবিবাহিত প্রাপ্তবয়স্ককে তাদের পছন্দের পারস্পরিক সম্মতির সম্পর্ক স্থাপন করতে নিষেধ করে।"


এছাড়াও, আদালত স্পষ্ট করে দিয়েছে যে, ধর্ষণের মামলায় লোক আদালতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপোস করাকে দোষ স্বীকার বলে গণ্য করা হয় না। এছাড়াও, যদি রেকর্ডে এমন কোনও প্রমাণ না থাকে যে ভুক্তভোগীকে আপোস করতে চাপ দেওয়া হয়েছিল, তাহলে নিয়োগকর্তা সেই আপোস থেকে কোনও নেতিবাচক সিদ্ধান্তে আসতে পারেন না।


সুপ্রিম কোর্ট এই মামলায় ভুক্তভোগীর করা আপিল গ্রহণ করেছে এবং তেলেঙ্গানা হাইকোর্টের একজন একক বিচারকের আদেশ বহাল রেখেছে, যেখানে "স্টাইপেন্ডিয়ারি ক্যাডেট ট্রেইনি পুলিশ কনস্টেবল" পদে তার নিয়োগ পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছিল। তেলেঙ্গানা রাজ্য পুলিশ নিয়োগ বোর্ড তাঁর নিয়োগ বাতিল করেছিল এই যুক্তিতে যে, ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে বিয়ের অজুহাতে ধর্ষণের একটি মামলা নৈতিক অধঃপতনের প্রমাণ দেয়।


এই মামলাটি একজন প্রতিবেশীর সাথে সম্পর্ক সংক্রান্ত ছিল এবং পক্ষগুলোর মধ্যে একটি আপসে পৌঁছানোর পর ২০১৫ সালে লোক আদালতে এর নিষ্পত্তি হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার অধীনে কোনও অভিযোগ করা হয়নি। মামলাটির প্রসঙ্গে সুপ্রিম কোর্ট উল্লেখ করে যে, আপিলকারী এবং ভুক্তভোগী প্রতিবেশী ছিলেন এবং তাঁদের মধ্যে প্রায় চার বছর ধরে একটি সম্পর্ক ছিল। বেঞ্চটি বলেছে, "সব সম্পর্কই পরিণয়ে পরিণত হয় না। অতএব, শুধুমাত্র সম্পর্কটি পরিণয়ে পরিণত হয়নি বলেই এটা মনে করার কোনও ভিত্তি নেই যে এক পক্ষ অন্য পক্ষকে প্রতারণা করেছে।"


বেঞ্চটি আরও বলেছে, "যদি এটি আপসে বাধ্য করার জন্য বলপ্রয়োগ বা হুমকির মামলা হতো, তবে একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীতে নিয়োগের জন্য আপিলকারীর উপযুক্ততা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবাদী পক্ষ ন্যায়সঙ্গত হতো। তবে, ভুক্তভোগীর ওপর কোনও আপস চাপিয়ে দেওয়া হয়েছিল—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো কোনও প্রমাণ এখানে নেই।" সুপ্রিম কোর্ট বলেছে যে, ফৌজদারি আইনশাস্ত্রে, যতক্ষণ না কোনও আদালতে অপরাধ প্রমাণিত হয়, ততক্ষণ পর্যন্ত নির্দোষ হওয়ার ধারণাই বহাল থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad