সোনম ওয়াংচুকের অনশন শেষ, স্ত্রীর দাবি—'আমাদের আন্দোলন সফল' - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, July 24, 2026

সোনম ওয়াংচুকের অনশন শেষ, স্ত্রীর দাবি—'আমাদের আন্দোলন সফল'


 লিখিত আশ্বাসের পরই অনশন ভাঙেন সোনম ওয়াংচুক, জানালেন স্ত্রী ডা. গীতাঞ্জলি আংমো

দীর্ঘ ২৫ দিনের অনশন শেষে সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করেছেন। এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কেন্দ্রের লিখিত আশ্বাস। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াংচুকের স্ত্রী ডা. গীতাঞ্জলি আংমো জানান, সরকারের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরই অনশন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডা. আংমো বলেন, “সরকার লিখিতভাবে আশ্বাস দিয়েছে যে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না। ছাত্রনেতারাও সরকারের সঙ্গে বৈঠকের পরই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।”

তিনি আরও জানান, বৃহস্পতিবার গভীর রাতে সরকারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয় যে আন্দোলনের একাধিক গুরুত্বপূর্ণ দাবি বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে—

আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হবে না।

নিট (NEET) প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা ও সংস্কার নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে।

ডা. গীতাঞ্জলি আংমোর দাবি, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং সরকারের প্রতিনিধি হিসেবে মেদান্তা হাসপাতালে এসে সোনম ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বিভিন্ন দলের ১৬ জন সাংসদ তাঁদের সঙ্গে দেখা করেন এবং বিরোধী শিবিরের ৬৫ জন সাংসদও লিখিতভাবে আশ্বাস দেন যে বিষয়টি সংসদে তোলা হবে।

তিনি বলেন, সরকার ও বিরোধী—উভয় পক্ষই একমত হয়েছে যে চলতি বর্ষাকালীন অধিবেশনেই শিক্ষা ও পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। তাঁর কথায়, “এটাই আমাদের আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য। কারণ, সরকার ও বিরোধী উভয়েই স্বীকার করেছে যে শিক্ষা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং এ নিয়ে সংসদে আলোচনা হওয়া জরুরি।”

ডা. আংমো আরও বলেন, “নিট প্রশ্নফাঁস ছিল শুধুমাত্র একটি লক্ষণ। প্রকৃত সমস্যা রয়েছে গোটা ব্যবস্থার মধ্যে। এই আন্দোলন দেশের মানুষকে শিক্ষা ব্যবস্থার সংকট সম্পর্কে সচেতন করেছে। আমরা আশা করি, সরকার এই ঘটনাকে সতর্কবার্তা হিসেবে নেবে এবং প্রয়োজনীয় সংস্কারের পথে এগোবে।”

তিনি জানান, অনশন ভাঙার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শনিবার থেকে ধীরে ধীরে সেমি-সলিড (আধা-তরল ও নরম) খাবার খাওয়া শুরু করবেন সোনম ওয়াংচুক।

উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং সরকারের লিখিত আশ্বাসপত্র সোনম ওয়াংচুকের হাতে তুলে দেন। এরপরই তিনি দীর্ঘ ২৫ দিনের অনশন প্রত্যাহার করেন।

No comments:

Post a Comment

Post Top Ad