এসএসকেএম-এ চোখের চিকিৎসার পরামর্শ, অভিষেকের রক্ষাকবচ বাড়িয়ে শর্ত হাইকোর্টের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, July 20, 2026

এসএসকেএম-এ চোখের চিকিৎসার পরামর্শ, অভিষেকের রক্ষাকবচ বাড়িয়ে শর্ত হাইকোর্টের

 


কলকাতা: হাইকোর্টে ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার যে আর্জি, তা প্রাথমিক ভাবে নাকচ করেছে কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, রক্ষাকবচের মেয়াদ বাড়লেও এখনই বিদেশে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে তাঁকে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের 'ডিজে' বাজানোর হুঁশিয়ারি মন্তব্য সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একথা জানিয়েছে। 


পাশাপাশি এদিন ডিজে মামলার তদন্ত দ্রুত শেষ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্টে। অন্যদিকে অভিষেককে বিচারপতির পরামর্শ, আপাতত কলকাতার নামী কোনও হাসপাতালে চিকিৎসা করান। এ প্রসঙ্গে এসএসকেএম হাসপাতালের নামও করেন তিনি।


আগামী ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন মঞ্জুর করেননি বিচারপতি। আদালতের প্রশ্ন, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নিদের্শ দেবেন বলেও জানান বিচারপতি। যদিও এর বিরোধিতা করেন তৃণমূল সাংসদের আইনজীবীরা। 


তবে বিচারপতির পরামর্শ, প্রাথমিকভাবে এসএসকেএম হাসপাতালে তিনি চোখ সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা করে রিপোর্ট জমা দিন। তা দেখে আদালত ঠিক করবে যে বিদেশে যাওয়ার অনুমতি মিলবে কিনা। পাশাপাশি অভিষেকের আইনজীবী আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর দাবী জানালে আদালত তাতে সাড়া দিয়েছে এবং শর্তসাপেক্ষে আগামী ৬ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচ বাড়ানো হয়েছে। আদালতের এও নির্দেশ, আপাতত বিদেশ যাওয়ার আবেদনের শুনানি হচ্ছে না। পুলিশ দ্রুত তদন্ত শেষ করবে। সেপ্টেম্বরে ওই আবেদনের শুনানি হবে।

No comments:

Post a Comment

Post Top Ad