মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে কুরুচিকর রিলস! শিলিগুড়িতে আটক স্কুল ছাত্র, নিন্দার ঝড় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, July 8, 2026

মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে কুরুচিকর রিলস! শিলিগুড়িতে আটক স্কুল ছাত্র, নিন্দার ঝড়


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে রিল তৈরির হিড়িক প্রায় সর্বত্র। আর বন্ধুদের সঙ্গে রিল ভিডিও তৈরি করতে গিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে একাধিকবার কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল এক স্কুল ছাত্রের বিরুদ্ধে। ওই ছাত্র শিলিগুড়ির একটি সরকারি স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া। তাকে আটক করেছে পুলিশ। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রের বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এলাকায়। অভিযোগ, বন্ধুদের সঙ্গে রিল ভিডিও তৈরির সময় সে মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড হতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র বিতর্ক।


ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় ওঠে। এই নিয়ে মঙ্গলবার রাতে উত্তেজনা চরমে ওঠে। স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং বিজেপি সমর্থকদের একাংশ অভিযুক্ত ছাত্রের বাড়ির সামনে জড়ো হন। বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।‌ অভিযোগ, সেখানে ছাত্রটিকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, এমনকি চড়-থাপ্পড়ও মারা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে বুধবার তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হয়।


পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিও, অভিযোগ এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু অভিযুক্ত একজন নাবালক, তাই আইন অনুযায়ী তার পরিচয় গোপন রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্যও সাধারণ মানুষের প্রতি আবেদন জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad