সাংবাদিকদের ওপর হামলায় গ্রেফতার ১১ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, July 26, 2026

সাংবাদিকদের ওপর হামলায় গ্রেফতার ১১


কলকাতা: নিট প্রশ্নফাঁস কাণ্ডে দিল্লীতে আন্দোলনের ঝাঁঝ এসে পড়েছিল কলকাতাতেও। ধর্মতলায় শুক্রবার বিরাট মিছিল করে সিজেপি ও ছাত্র সংগঠনগুলো। আর সেই আন্দোলনের সময় চরম বিশৃঙ্খলা। পুলিশকে লক্ষ্য করে বোতল ও জুতো ছোড়ার পাশাপাশি হামলা করা হয় সাংবাদিকদের ওপরেও। এই বিষয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারে সেই আন্দোলনে হিংসা ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহম্মদ আফরোজ। মুখ্যমন্ত্রী যে পাঁচজনের নাম উল্লেখ করেছিলেন, তার একজন হলেন আফরোজ। আবার আফরোজের সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ভিডিয়ো রয়েছে। ফলে তাঁর তৃণমূল যোগ নিয়েও প্রশ্ন উঠছে। 


পুলিশের দাবী, ধৃতদের কেউই পড়ুয়া নয়। শুক্রবারের বিক্ষোভ চলাকালীন ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ধৃত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, কলকাতা পুলিশকে ইমেইল করে সিজেপিও জানিয়েছে, ধৃতদের কেউই তাদের সঙ্গে যুক্ত নয়।



কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি (ক্রাইম) কুণাল আগরওয়াল জানিয়েছেন, হিংসা ও সাংবাদিকদের ওপর হামলায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা কেউই পড়ুয়া নন। কুণাল আগরওয়ালের কথায়, “ওরা সবাই অশান্তি সৃষ্টিকারী। ঐদিন সিজেপি-র সমাবেশে উপস্থিত থেকে তারা ভাঙচুরে অংশ নিয়েছিল।”


 কলকাতা পুলিশের তরফে ১১ জন ধৃতের নাম জানানো হয়েছে। ধৃতরা হলেন, জোড়াসাঁকোর ইরফান খুরশিদ। বছর তিরিশের ইরফানের বাড়ি জোড়াসাঁকোর ভবানী দত্ত লেনে। আমহার্ট স্ট্রিটের বছর পঞ্চাশের আরশাদ আলি, তিলজলার বছর ছাব্বিশের মহম্মদ মইনউদ্দিন, জোড়াসাঁকোর বছর আটচল্লিশের মহম্মদ আলমগির, জোড়াসাঁকোর বছর উনিশের ইমরান আহমেদ, জোড়াসাঁকোর বছর সাতচল্লিশের খালিদ রেজা, বেনিয়াপুকুরের বছর বিয়াল্লিশের জমির আহমেদ, কড়েয়ার বছর তিরিশের মহসিন খান এবং কড়েয়ার বছর আটত্রিশের দীপক ভৌমিককে গ্রেফতার করেছে পুলিশ। এই নয় জন ছাড়াও গ্রেফতার করা হয়েছে গার্ডেনরিচের মহম্মদ আজাদ এবং মেটিয়াব্রুজের মহম্মদ আফরোজকে। 


পুলিশ জানিয়েছে, এই ২ জন পশ্চিমবঙ্গে ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। অন্ডালের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। মেটিয়াব্রুজের মহম্মদ আফরোজের সঙ্গেই তৃণমূল নেতাদের ভিডিও সামনে এসেছে। যদিও এই নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার কলকাতায় উত্তেজনা ছড়ায়। বামপন্থী ছাত্র সংগঠনগুলির পাশাপাশি 'ককরোচ জনতা পার্টি'র সমর্থকরাও এই বিক্ষোভে অংশ নেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ভেঙে দেওয়া এবং দেশজুড়ে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবীতে এই কর্মসূচি হয়। আর এই কর্মসূচি ঘিরেই রণক্ষেত্রর চেহারা নেয় ধর্মতলা।‌ মিছিলের মাঝেই হঠাৎ উড়ে আসে এলোপাথাড়ি বোতল থেকে শুরু করে ইট-লাঠি, জুতো। আক্রান্ত হন পুলিশ কর্মীরা। হামলার শিকার হন অনেক সাংবাদিক ও চিত্র-সাংবাদিক। গুরুতরভাবে জখম হন তাঁরা। আহতদের দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। একইসঙ্গে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad