নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! বয়লার ফেটে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। কারখানা সিল করল পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার আসুতি কালিতলা থানার চট্টা ফোর্ট এলাকায়। এখানকার একটি জিন্স তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হয় ওই শ্রমিকের। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, মৃতের নাম অশোক শহীস, বয়স ৪০ বছর। জানা গেছে, আজ সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ কারখানার বয়লার হঠাৎ বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই শ্রমিক। দ্রুত ওই শ্রমিককে উদ্ধার করে কিন্তু ততক্ষণে সব শেষ। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে আসুতি কালিতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। জানা যায়, বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ওই শ্রমিক। এরপর পুলিশ দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এদিকে ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কারখানার সমস্ত শ্রমিককে বাইরে বের করে দেওয়া হয় এবং গোটা কারখানাটি সিল করে দেয় পুলিশ।
কী কারণে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় চট্টা ফোর্ট এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

No comments:
Post a Comment