আচমকাই ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রীর, নেপথ্যে কোন কারণ? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, July 24, 2026

আচমকাই ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রীর, নেপথ্যে কোন কারণ?


ন্যাশনাল ডেস্ক, ২৪ জুলাই ২০২৬: মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। শুক্রবার তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন। সেই ইস্তফা তৎক্ষণাৎ গৃহীত হয়েছে। রাষ্ট্রপতি ভবনের তরফে সেই কথা জানানো হয়েছে। রভনীত সিং বিট্টু খাদ্য প্রক্রিয়াকরণের প্রতিমন্ত্রীও ছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে আন্দোলন করছেন পড়ুয়ারা। সেই আবহেই আচমকা এই ইস্তফার ঘটনা। শোনা যাচ্ছে, তিনি আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 


রভনীত সিং বিট্টু মোদী সরকারের রেল প্রতিমন্ত্রী ছিলেন। পাঞ্জাব-সহ পাঁচটি রাজ্যে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই, দল তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে পারে। পাঞ্জাবের প্রতিদ্বন্দ্বিতা মূলত আম আদমি পার্টি, কংগ্রেস, বিজেপি এবং আকালি দলের মধ্যে। বিট্টু কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হেরে যান। এরপর বিজেপি তাঁকে রাজ্যসভায় পাঠায়, যার মেয়াদ গত মাসে শেষ হয়েছে। তারপর থেকে জল্পনা চলছে যে, তিনি যেকোনও সময় পদত্যাগ করতে পারেন।


গত মাসের শুরুতে বিট্টু পাঞ্জাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান যে, সংসদে ১৭ বছর কাটানোর পর তিনি এখন নিজের রাজ্যে কাজ করতে চান। তিনি বলেন, "আমি ১৭ বছর দিল্লীতে (লোকসভা ও রাজ্যসভায়) ছিলাম। এখন আমার বিধানসভায় এসে পাঞ্জাবের জন্য কাজ করতে ইচ্ছে করছে।"


তিনি বলেন, "আমাদের পুরো নেতৃত্ব এখানে আছে এবং পাঞ্জাবের সেবা করার জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের কাজ দিন, আমরা রাজ্যের উন্নতির জন্য গ্রামে, রাস্তায় এবং মানুষের দোরগোড়ায় যাব।" পাঞ্জাব বিজেপির নতুন সভাপতি কেওয়াল সিং ধিলন দায়িত্ব গ্রহণের পর একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৈনিক হয়ে মাটির স্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করাই আমাদের আসল উদ্দেশ্য।"


২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রভনীত সিং বিট্টু বিজেপিতে যোগ দেন। তিনি পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিন্ত সিং-এর নাতি, যিনি ১৯৯৫ সালে খুন হন। বিট্টু কংগ্রেসের টিকিটে তিনবার লোকসভা সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথম ২০০৯ সালে আনন্দপুর সাহিব থেকে নির্বাচিত হন। এরপর তিনি ২০১৪ এবং ২০১৯ সালে লুধিয়ানা থেকে দু'বার নির্বাচিত হন। বিজেপিতে যোগ দেওয়ার পর, তিনি ২০২৪ সালের নির্বাচনে লুধিয়ানা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু পরাজিত হন। তিনি কংগ্রেস প্রার্থী অমরিন্দর সিং রাজা ওয়ারিং-এর কাছে পরাজিত হন। এরপর বিজেপি তাঁকে রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত করে এবং তিনি রেল প্রতিমন্ত্রী হন।

No comments:

Post a Comment

Post Top Ad